তুমুল বৃষ্টির পূর্বাভাস (ছবি: পিটিআই)একটি নিম্নচাপ অঞ্চল সক্রিয়। সেই সঙ্গে ঘূর্ণাবর্তও অ্যাক্টিভ। যার জেরে এখনই ভারী বৃষ্টির হাত থেকে নিস্তার পাবে না পশ্চিমবঙ্গ। বরং বুধবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে ভিজবে কলকাতা। এমনকী বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
কেন বৃষ্টি?
এই বিষয়টা নিয়েও মুখ খুলেছে আলিপুর আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, মধ্যপ্রদেশের উপর এখনও অবস্থান করছে একটি নিম্নচাপ অঞ্চল। সেই সঙ্গে বাংলাদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়া বর্ষার অক্ষরেখাও সক্রিয় রয়েছে। এটি রাজস্থান, পঞ্জাব, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড থেকে পুরো পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। যার জেরে তীব্র বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির অ্যালার্ট রয়েছে।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
রাজ্যের রাজধানী শহরে এখনই বৃষ্টি থামার কোনও সম্ভাবনা নেই। শনিবারও ভিজেছে কলকাতা। আর বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে এই সময়ের মধ্যে কলকাতায় কোনও ভারী বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় কী হবে?
শনি, রবি, সোম- তিন দিনই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। এছাড়া মঙ্গলবার থেকে রাজ্যের দক্ষিণভাগে বাড়বে বৃষ্টি। ওই দিন পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে তীব্র বৃষ্টি হবে। আবার বুধবারও রয়েছে ভারী বৃষ্টির অ্যালার্ট। ওই দিন পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বর্ষণ হতে পারে। তাই এই সব জেলার অধিবাসীরা এখন থেকেই বৃষ্টির পূর্বাভাস মাথায় রাখুন। সেই মতো প্ল্যান করুন। নইলে অহেতুক বিপদে পড়বেন।
উত্তরবঙ্গে কী হবে?
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি এখনও চলবে। বিশেষত, ভিজবে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার। এই তিন জেলায় রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে। ওদিকে আবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বর্ষণ হবে মঙ্গলবার পর্যন্ত।
তবে একটু নীচের দিকে জেলা, যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় ভারী বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি নেই। এই সব জেলা বিক্ষিপ্তভাবে ভিজবে।
মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতা জারি?
ঘূর্ণাবর্ত অ্যাক্টিভ হয়েছে। সেই সঙ্গে রয়েছে নিম্নচাপের প্রভাব। যার ফলে অনেকের মনেই প্রশ্ন, আলাদা করে মৎস্যজীবীদের জন্য় কোনও সতর্কতা জারি করা হয়েছে কি? তবে ভাল খবর হল, এখনও এমন কিছু জারি করা হয়নি।
তবে আবহাওয়া পরিবর্তনশীল বিষয়। এটা যে কোনও সময় বদলে যেতে পারে।