দুর্গাপুজোর ভাসান নিয়ে একগুচ্ছ নির্দেশিকা প্রতিমা নিরঞ্জনের সময় দুর্ঘটনা এড়াতে সতর্ক প্রশাসন। চোরবাগানের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার বিসর্জনের ব্যবস্থায় বদল আনছে প্রশাসন। প্রতিমা নিরঞ্জনের সময় যাতে কোনও প্রাণহানির ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে গঙ্গার প্রতিটি ঘাট পরিদর্শন করলেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। সঙ্গে ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার।
এবার প্রতিমা নিরঞ্জনে ব্যবহার করা হবে না ক্রেন। পরিবর্তে কুলিরাই কাঁধে করে প্রতিমা নিয়ে গিয়ে জলে ভাসাবেন। বিসর্জনের সময় দৃষ্টিকটু ছবি এড়াতেই এই ব্যবস্থায় বদল আনা হচ্ছে বলে জানা গিয়েছে।
প্রতিমা নিরঞ্জনের সময় যাতে কোনওরকম দুর্ঘটনা না ঘটে, তার জন্য বাড়তি সতর্কতা নিচ্ছে প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশ, প্রতিটি মন্ত্রীকে বিসর্জনের সময় ঘাটগুলিতে নজর রাখতে হবে, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই নির্দেশ মেনেই পুলিশ কমিশনারকে সঙ্গে নিয়ে গঙ্গার প্রতিটি ঘাটের পরিস্থিতি খতিয়ে দেখেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং।
এদিন সাধারণ মানুষের কাছেও বিশেষ আবেদন জানান অর্জুন সিং। তিনি বলেন, অতিরিক্ত উৎসাহিত হয়ে কেউ যেন ঘাটে নেমে দুর্ঘটনার শিকার না হন। প্রতিমা নিরঞ্জনের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা প্রশাসনের তরফেই করা থাকবে বলেও জানান পরিবহণ মন্ত্রী। তিনি কটাক্ষ করে বলেন, 'অনেকে মায়ের সঙ্গেই চলে যেতে চান। আমাদের অনুরোধ তেমনটা করবেন না।'