পঞ্চমীতে বৃষ্টির পূর্বাভাস চতুর্থীর দিন দুপুরে ঝেঁপে বৃষ্টি নেমেছিল কলকাতায়। স্বল্প সময়ের জন্য হলেও শেষ মুহূর্তের শপিংয়ের দফারফা করে দিয়েছিল বৃষ্টি। বোধনের আগে প্যান্ডেলে প্যান্ডেলে শিল্পীদের আশঙ্কা বাড়িয়ে তুলেছিল। পঞ্চমীতেও কি যে কোনও মুহূর্তে ভিজতে পারে শহর? জেলায় জেলায় কেমন থাকবে বৃহস্পতিবারের আবহাওয়া? কী জানাচ্ছে হাওয়া অফিস?
পঞ্চমীতে বৃষ্টি?
কলকাতায় ১৫ অক্টোবর বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এই তালিকায় রয়েছে হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। দিনভর মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়া
আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
শুক্রবার দেবীর বোধন। ইতিমধ্যেই বহু প্যান্ডেলে উদ্বোধন হয়ে গিয়েছে। সন্ধে বাড়ার সঙ্গে সঙ্গেই মানুষের ঢল নামতে শুরু করেছে মণ্ডপগুলিতে। এমত অবস্থায় সকলেরই প্রশ্ন, পুজোয় কি এবার ছাতা হাতেই ঘুরতে হবে? প্যান্ডেল হপিংয়ের মজা যে কোনও সময়ে ভেস্তে দিতে পারে খামখেয়ালি বৃষ্টি?
ষষ্ঠী-দশমীর আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৫ থেকে ১৭ অক্টোবর অর্থাৎ সপ্তমী পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তবে ১৮ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। দ্বিতীয় সপ্তমী থেকে সেই ২২ অক্টোবর একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস।