ফাইল ছবিআসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে কলকাতার সমস্ত থানাকে নির্দেশ দিলেন পুলিশ কমিশনার অজয় নন্দা। মঙ্গলবার সন্ধ্যায় রথযাত্রা উপলক্ষে আয়োজিত এক ভিডিও কনফারেন্সে তিনি স্পষ্ট নির্দেশ দেন, শহরের বড় বড় পুজো কমিটির সঙ্গে যোগাযোগ করে তাদের থিম, পরিকল্পনা এবং আয়োজন সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ করতে হবে।
লালবাজার সূত্রে খবর, এবারের দুর্গাপুজোয় বিপুল ভিড় এবং একাধিক ভিভিআইপি-র আগমনের সম্ভাবনা রয়েছে। সেই কারণেই শেষ মুহূর্তের পরিবর্তে এখন থেকেই নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ এবং জনসমাগম ব্যবস্থাপনার পরিকল্পনা শুরু করতে চাইছে কলকাতা পুলিশ। বড় পুজো কমিটিগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
ভিডিও কনফারেন্সে আসন্ন রথযাত্রা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। কলকাতার প্রতিটি থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে, তাঁদের এলাকার বড় রথযাত্রার রুট ও যাত্রাপথ সম্পর্কে আগে থেকেই তথ্য সংগ্রহ করে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থার পরিকল্পনা তৈরি করতে।
এছাড়াও পুলিশ কমিশনার প্রতিটি থানায় অন্তত দু'জন করে সহকারী উপ-পরিদর্শক (এএসআই)-কে প্রশিক্ষণ দিয়ে তদন্তকারী অফিসার (আইও) হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেন। জানা গিয়েছে, ইতিমধ্যেই কলকাতার কয়েকটি থানায় এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রশিক্ষণপ্রাপ্ত আধিকারিকরা তদন্তের কাজও করছেন।
বিধানসভা নির্বাচনের কারণে ফেব্রুয়ারির পর থেকে কলকাতা পুলিশের মাসিক ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত হয়নি। সেই প্রেক্ষিতে সমস্ত ডিভিশনের ডিসিদের আগামী ৭ ও ৮ জুলাইয়ের মধ্যে নিজ নিজ ডিভিশনের অপরাধ পর্যালোচনা বৈঠক শেষ করার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। এরপর ১১ জুলাইয়ের আশেপাশে কলকাতা পুলিশের কেন্দ্রীয় ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।