Durga Pujo Weather Forecast: দুর্গাপুজোয় ষষ্ঠী থেকে দশমীর ওয়েদার কেমন? চলে এল আপডেট

ক্যালেন্ডার তো বলছে শরৎকাল। কিন্তু আকাশ পরিষ্কার নয়। মাঝেমধ্যেই বৃষ্টি। তাহলে কি এবার আর শরৎ আসবে না। আর পুজোর আবহাওয়াই বা কেমন থাকবে, জানুন।

Advertisement
দুর্গাপুজোয় ষষ্ঠী থেকে দশমীর ওয়েদার কেমন? চলে এল আপডেটদুর্গাপুজোর ওয়েদার।
হাইলাইটস
  • বর্ষা বিদায়ের পথে।
  • পুজোর আবহাওয়া কেমন?

আকাশ পরিষ্কার। আচমকা ঝমঝমিয়ে বৃষ্টি। মঙ্গলবার এবং বুধবার এটাই সামগ্রিকভাবে কলকাতা সংলগ্ন জেলাগুলির আবহাওয়ার ছবি। বর্ষা বিদায়ের আগে এমন বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। এবার আসল প্রশ্নটা হল, পুজোতেও কি এমন আচমকা বৃষ্টি নেমে আসবে? নাকি তার আগেই পাততাড়ি গোটাবে বর্ষা? চলুন জেনে নেওয়া যাক, আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট।

বিহার এবং ঝাড়খণ্ড থেকে বর্ষা ইতিমধ্যেই বিদায় নিতে শুরু করেছে, বাংলায় কবে? বুধবার আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাসকে জানালেন,'সাধারণত ১০ অক্টোবর নাগাদ দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিতে শুরু করে বর্ষা। এখনও পর্যন্ত যা পূর্বাভাস, ১৪ বা ১৫ অক্টোবরের মধ্যেই বিদায় নেবে বর্ষা। দু-তিন দিনের মধ্যে সম্ভাবনা নেই। আর বর্ষা বিদায় নেওয়ার আগে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টিপাত হওয়াটা স্বাভাবিক'।  

শরৎকাল কবে

ক্যালেন্ডার শরৎকাল। কিন্তু আকাশ এখনও মেঘলা। আবার বৃষ্টিও। কবে শরতের দেখা মিলবে? হাবিবুর রহমান বিশ্বাস বললেন,'বাংলা থেকে বর্ষা বিদায় নেওয়ার স্বাভাবিক সময় ১০ অক্টোবর। ফলে আবহাওয়া এমনই থাকবে'। 

মহালয়ায় কি বৃষ্টি

আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা বললেন,'শনিবার, মহালয়ার দ্বিতীয়ার্ধ থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা। তবে বজ্রপাতের সতর্কতা থাকছে। কোথাও কোথাও আচমকা তীব্র বজ্রপাত হতে পারে।

প্রথমা থেকে চতুর্থীর ওয়েদার কেমন

১১ অক্টোবর রবিবার থেকে ১৪ অক্টোবর, বুধবারের প্রথমার্ধে মূলত পরিষ্কার থেকে হালকা মেঘলা শরতের আকাশ দেখা যাবে। রাতের তাপমাত্রা কিছুটা কমে ২২-২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে নেমে আসতে পারে। সকাল হবে তুলনামূলক ঠান্ডা। দিনের বেলায় থাকবে উষ্ণতা। সন্ধ্যায় আবহাওয়া থাকবে মনোরম। তবে একেবারে বৃষ্টিশূন্য নয়। দু-একটি জায়গায় খুব অল্প সময়ের জন্য বিচ্ছিন্ন বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বৃষ্টি ছাড়াই বজ্রপাতের ঘটনাও ঘটতে পারে।

১৪ অক্টোবর, বুধবারের দ্বিতীয়ার্ধ থেকে ১৭ অক্টোবর, শনিবার (ষষ্ঠীর ওয়েদার)

এই সময় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে স্থানীয় ভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোথাও হালকা, আবার কোথাও অল্প সময়ের জন্য তীব্র বৃষ্টিও হতে পারে। এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা কমে ৩০-৩২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে থাকতে পারে ২৪-২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আচমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সতর্কতা।

Advertisement

১৮ অক্টোবর থেকে ২১ অক্টোবর (সপ্তমী থেকে বিজয়ার ওয়েদার)

মূলত পরিষ্কার থেকে আংশিক মেঘলা শরতের আকাশ। সকালে ঠান্ডা হাওয়া। দিনের আবহাওয়া থাকবে আরামদায়ক ও মনোরম। তবে দু-একটি এলাকায় বিচ্ছিন্নভাবে খুব হালকা থেকে অল্প সময়ের জন্য মাঝারি বৃষ্টি হতে পারে।

রবীন্দ্র গোয়েঙ্কা জানান, সবমিলিয়ে ৮ থেকে ১০ অক্টোবর বর্ষার শেষ ঝাপটা কাটিয়ে মহালয়ার পর ধীরে ধীরে শরতের মনোরম আবহাওয়ার দিকে এগোবে কলকাতা ও সংলগ্ন জেলাগুলি। ৮-১৪ অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা বিদায়ের সম্ভাবনা। তারপর সামগ্রিকভাবে অপেক্ষাকৃত শুষ্ক আবহাওয়া। 

 

POST A COMMENT
Advertisement