
মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি বুধবার বউবাজার সাইটটি পরিদর্শন করেনবউবাজারে যতবার মেট্রো কাজ করতে গিয়েছে ততবার এলাকার বাড়িতে ফাটল থেকে শুরু করে নানা বিপত্তি ঘটেছে। ফলে কাজ বন্ধ রাখতে হয়েছে। এরমধ্যেই ইতিহাস তৈরি হয়েছে। ভারতে প্রথমবার নদীর তলা দিয়ে ছুটেছে মেট্রো। গত এপ্রিলেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর দুটি রেক গঙ্গার তলা দিয়ে হাওড়া ময়দানে পৌঁছায়। হাজির ছিলেন মেট্রো রেলের একাধিক শীর্ষ আধিকারিক। এবার নতুন এক পদক্ষেপ করল মেট্রো কতৃর্পক্ষ। আপৎকালীন পরিস্থিতিতে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ থেকে যাত্রীদের উদ্ধার করার জন্য বৌবাজারে বিশেষ উদ্ধার-পথ (ইভ্যাকুয়েশন শ্যাফট) নির্মাণের কাজ শুরু হয়েছে। পশ্চিমমুখী সুড়ঙ্গের কাছ ঘেঁষে, মাটির প্রায় ২০ মিটার গভীর থেকে ওই পথ নির্মাণ করা হচ্ছে। বুধবার সেই সাইট ভিসিটে যান মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি।
ইস্ট–ওয়েস্ট মেট্রো পথে যাত্রীরা বিপদে পড়লে তাঁদের উদ্ধার তো করতে হবে। তাই আপৎকালীন পথের প্রয়োজন। তাই এমন পরিস্থিতি তৈরি হলে ইস্ট–ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ থেকে যাত্রীদের উদ্ধার করতে বউবাজারে বিশেষ আপৎকালীন পথ নির্মাণের কাজ শুরু হয়েছে। এবার মাটির প্রায় ২০ মিটার গভীর থেকে ওই পথ নির্মাণ কাজ শুরু হচ্ছে। প্রসঙ্গত, ইস্ট–ওয়েস্ট মেট্রোয় শিয়ালদা থেকে এসপ্লানেড পর্যন্ত সুড়ঙ্গের কাজ নির্বিঘ্নে মিটেছে। কিন্তু বারবার বিপত্তি দেখা দিয়েছে পশ্চিম দিকের সুড়ঙ্গে। এই পশ্চিম দিকের পথটি হল— শিয়ালদা থেকে বউবাজার। কমপক্ষে তিনবার ওই সুড়ঙ্গে বিপত্তির মুখোমুখি হতে হয়েছে মেট্রোর কর্মীদের। একাধিকবার এখানে ক্রস প্যাসেজ গড়তে গেলে তা ধসে পড়েছে। তাই সংযোগকারী সুড়ঙ্গ নির্মাণ করা সম্ভব হচ্ছে না। এটা মেট্রো কর্তৃপক্ষের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ যাত্রীরা বিপদে পড়লে উদ্ধার করতে হয় আপৎকালীন পথ দিয়ে।

মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি বুধবার বউবাজার সাইটটি পরিদর্শন করেন। যেখানে মেট্রোর কাজের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে সেখানে যান তিনি। সাইটে পৌঁছানোর পর জেনারেল ম্যানেজার কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL) এর আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন এবং তাঁকে এই সাইটে দুর্ঘটনা এবং বিপত্তি কাটিয়ে উঠতে নেওয়া পদক্ষেপগুলি সম্পর্কে অবহিত করা হয়। পরে, তিনি টানেলের ভিতরে পায়ে হেঁটে পরিদর্শন করেন যেখানে কাট এবং কভার পদ্ধতিতে ৩৮ মিটারের মধ্যে ২৪ মিটার টানেলের কাজ সম্পন্ন হয়েছে। তিনি প্রকল্পের ড্রয়িং ডিটেলস দেখেন। কাজের অগ্রগতি দেখে আনন্দ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে শিয়ালদা এবং এসপ্ল্যানেডের মধ্যে পূর্ব-গামী টানেলটি আগামী ডিসেম্বরের মধ্যে রেক চলাচলের জন্য প্রস্তুত করার জন্য সমস্ত সম্ভাব্য পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন যাতে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড প্রসারিত পরিষেবা চালু করা যায়।

এই পরিদর্শন শেষে কাজের অগ্রগতি দেখতে বিমানবন্দর মেট্রো স্টেশনে যান মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। শ্রী রেড্ডি এই স্টেশনে আন্ডারগ্রাউন্ড ইয়ার্ড, পাতাল রেল, বিভিন্ন যাত্রী সুবিধা ইত্যাদি পরিদর্শন করেছেন। কাজের অগ্রগতি দেখে আনন্দ প্রকাশ করে তিনি নির্ধারিত সময়ের মধ্যে বাকি কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।