ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডি মঙ্গলবার সকালেই তৃণমূল কংগ্রেস সরকারের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে পৌঁছে গেল ইডি। তাঁর কসবার বাড়িতে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা। দুর্গাপুজোয় পাস বিক্রির নামে দুর্নীতির অভিযোগেই প্রাক্তন মন্ত্রীর বাড়িতে ইডি হানা দিয়েছে বলে জানা যাচ্ছে।
যতদূর খবর, কলকাতার মোট ১৫ জায়গায় একসঙ্গে তল্লাশি চালানো হচ্ছে। কসবার পাশাপাশি হিন্দুস্তান পার্ক, হাইল্যান্ড পার্ক সহ ১৫ জায়গায় চলছে তল্লাশি। প্রাক্তন মন্ত্রীর নিজের বাড়ির পাশাপাশি তাঁর আত্মীয়ের বাড়িতেও হানা দিয়েছেন ইডির গোয়েন্দারা। এছাড়া ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত এক ব্যবসায়ীর বাড়িতেও ইডি তল্লাশি শুরু করেছে বলে খবর মিলছে।
কেন হঠাৎ তল্লাশি?
ইন্দ্রনীলের বিরুদ্ধে দুর্গাপুজোর ভুয়ো পাস বিক্রির অভিযোগ উঠেছে। এমনকী সেই পাসগুলি ইউনেসকোর নাম করে বিক্রি করা হতো হবে দাবি। সেই মতো প্রাক্তন মন্ত্রী ও মাস আর্ট নামক এক সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় বউবাজার থানা এলাকায়। এবার ভুয়ো পাস কাণ্ডেই ইডি তল্লাশি শুরু করেছে বলে জানা যাচ্ছে।
অভিযোগপত্র থেকে জানা যায়, ২০২১ সালে কালকাতার দুর্গাপুজোকে ইউনেসকো স্বীকৃতি দেয়। তার মাস ছয়েকের মধ্যেই একটা সংগঠন তৈরি হয়। তারা দাবি করে, কলকাতার দুর্গাপুজোর প্রচারের ক্ষেত্রে তারাই অফিসিয়াল পার্টনার। আর এই দাবি সম্পূর্ণ মিথ্যে বলে অভিযোগ উঠেছে। সেই সঙ্গে ইউনেসকোর নাম, লোগোও অনুমতি না নিয়েই ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ।
এছাড়া দুর্গাপুজোর ভুয়ো পাস বিক্রির মাধ্যমে ৫০ থেকে ৬০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে সন্দেহ করছেন বিশেষজ্ঞরা। আর এই ঘটনায় নাম জড়িয়েছে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীলের। সেই মতো ইন্দ্রনীলের বাড়ি সহ ১৫ জায়গায় শুরু হয়েছে তল্লাশি।