দিকে দিকে ডিমে অতিষ্ঠ, 'থেরাপি' বন্ধ করতে এবার শাহের হস্তক্ষেপ দাবি TMC-র সৌগত

সৌগত রায় তাঁর চিঠিতে দাবি করেছেন, ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে একজন বিধায়কের উপর হামলার ঘটনাকে তিনি অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেছেন।

Advertisement
দিকে দিকে ডিমে অতিষ্ঠ, 'থেরাপি' বন্ধ করতে এবার শাহের হস্তক্ষেপ দাবি TMC-র সৌগতফাইল ছবি
হাইলাইটস
  • তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের উপর ডিম হামলার ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
  • মঙ্গলবার শাহকে চিঠি দিয়ে তিনি শুধু কুণালের উপর হামলার ঘটনাই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং তথাকথিত ‘ডিম থেরাপি’র ঘটনাগুলিও তুলে ধরেছেন।

তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের উপর ডিম হামলার ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। মঙ্গলবার শাহকে চিঠি দিয়ে তিনি শুধু কুণালের উপর হামলার ঘটনাই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং তথাকথিত ‘ডিম থেরাপি’র ঘটনাগুলিও তুলে ধরেছেন। একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, বর্তমানে বাংলায় আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখার দায়িত্ব বিজেপি সরকারেরই।

ঘটনার সূত্রপাত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম হামলা দিয়ে। সোনারপুরে নিহত এক দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি বিক্ষোভের মুখে পড়েন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয়। এরপর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা-নেত্রীদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা বারবার সামনে এসেছে।

সোমবার সেই তালিকায় নতুন সংযোজন কুণাল ঘোষ। কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক যুবক তাঁকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারে। কুণাল সরে যাওয়ার চেষ্টা করলেও ডিমটি তাঁর মাথায় গিয়ে লাগে। এই ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

সৌগত রায় তাঁর চিঠিতে দাবি করেছেন, ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে একজন বিধায়কের উপর হামলার ঘটনাকে তিনি অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেছেন।

তবে চিঠির শুরুতেই মাওবাদী দমন অভিযানে সাফল্যের জন্য অমিত শাহকে অভিনন্দন জানিয়েছেন সৌগত। এরপর তিনি বাংলার বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে লেখেন, “বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে। তাই রাজ্যে শান্তি ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দায়িত্বও আপনাদের।”

উল্লেখ্য, কুণাল ঘোষের উপর ডিম হামলার ঘটনায় ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে কালীঘাট থানার পুলিশ। তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা এখনও অব্যাহত রয়েছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement