Biswa Bangla Gate Fire : দশমীর সন্ধ্যায় বিশ্ববাংলা গেটের ঝুলন্ত রেস্তরাঁয় আগুন, ঘটনাস্থলে পুলিশ-দমকল

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। দমকলকর্মীরা হিডকোর সিঁড়ি ব্যবহার করে উপরে উঠে আগুন নেভানোর কাজ শুরু করেন।

Advertisement
দশমীর সন্ধ্যায় বিশ্ববাংলা গেটের ঝুলন্ত রেস্তরাঁয় আগুন, ঘটনাস্থলে পুলিশ-দমকল   বিশ্ববাংলা রেস্তরাঁয় আগুন
হাইলাইটস
  • প্রত্যক্ষদর্শী ও সূত্রের খবর অনুযায়ী, সন্ধ্যায় আচমকাই বিশ্ববাংলা গেটের উপরে থাকা রেস্তরাঁয় আগুন লাগে
  • সেখান থেকে আগুনের ফুলকি নীচের রাস্তায় পড়তে দেখা যায়

বিজয়া দশমীর সন্ধ্যায় নিউ টাউনের বিশ্ববাংলা গেটের ঝুলন্ত রেস্তরাঁয় আচমকা আগুন। বুধবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। রেস্তরাঁয় থাকা সকলকে নিরাপদে নীচে নামিয়ে আনা হয়েছে বলে খবর। বড় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনও পর্যন্ত নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর স্বাভাবিক হয়েছে যান চলাচল।

প্রত্যক্ষদর্শী ও সূত্রের খবর অনুযায়ী, সন্ধ্যায় আচমকাই বিশ্ববাংলা গেটের উপরে থাকা রেস্তরাঁয় আগুন লাগে। সেখান থেকে আগুনের ফুলকি নীচের রাস্তায় পড়তে দেখা যায়। পুজোর সময় বিশ্ববাংলা গেট ও সংলগ্ন এলাকায় বহু মানুষের সমাগম হয়। বিজয়া দশমীর দিনও সেখানে ভিড় ছিল। ফলে উঁচুতে থাকা রেস্তরাঁয় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। দমকলকর্মীরা হিডকোর সিঁড়ি ব্যবহার করে উপরে উঠে আগুন নেভানোর কাজ শুরু করেন। পুলিশও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রেস্তরাঁয় থাকা প্রত্যেককে নিরাপত্তার স্বার্থে নীচে নামিয়ে আনা হয়। ফলে বড় কোনও বিপদের আগেই সকলকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে।

বিধাননগর পুলিশ কমিশনার অমিত কুমার রাঠোর জানান, সাড়ে ৬টা নাগাদ আগুন লাগে। দমকল ও পুলিশের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচলও স্বাভাবিক হয়ে গিয়েছে বলে জানান তিনি।

পাশাপাশি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পুরো ঘটনার নিরাপত্তা সংক্রান্ত অডিট করার জন্য জানানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার। বিশ্ববাংলা গেটের মতো গুরুত্বপূর্ণ ও জনবহুল জায়গায় এই অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।


তবে ঠিক কী কারণে বিশ্ববাংলা গেটের উপরের রেস্তরাঁয় আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ জানতে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। অগ্নিকাণ্ডে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। তবে প্রাথমিকভাবে বড় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই।
 

Advertisement

POST A COMMENT
Advertisement