ফাইল ছবিসোমবারের বৃষ্টির পর মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় ভিজছে একাধিক জেলা। ঘূর্ণাবর্তের প্রভাবে আবহাওয়ার আচমকা পরিবর্তন, তাপমাত্রাও অনেকটাই নেমেছে। আবহাওয়া দফতর আগেই সতর্ক করেছিল, কলকাতা ও আশপাশের জেলাগুলিতে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে, সকালের আকাশ সেই পূর্বাভাসেরই ইঙ্গিত দিয়েছে।
কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘণ্টায় শহরের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ২৪ ডিগ্রি। গতকালের তুলনায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট
ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া ও উত্তর ২৪ পরগনা, এই জেলাগুলিতে আজ অধিকাংশ জায়গায় বজ্রপাত-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টিও হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক জায়গায় হাওয়ার গতি ৫০-৬০ কিমি পর্যন্ত উঠতে পারে, অন্যত্র তা ৪০-৫০ কিমির মধ্যে থাকবে।
উত্তরবঙ্গেও সতর্কতা
উত্তরবঙ্গেও আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে দমকা হাওয়া ৪০-৫০ কিমি বেগে বইতে পারে।