
কলকাতার বাজারে ইলিশ মাছজামাইষষ্ঠীতে জামাইদের পাতে উঠবে হিমঘরের ইলিশ। গঙ্গার ইলিশ এখনও বাজারে ঢোকেনি। ফলে পুরনো মাছ, যা হিমঘরে রাখা ছিল, সেগুলিই বিক্রি করা হচ্ছে। প্রতিবছরই জামাইষষ্ঠীর আগে ফরাক্কার গঙ্গায় ইলিশ মাছ ওঠে জালে। এবারে তাও ওঠেনি। ফলে বর্ষার যে নতুন ইলিশ মাছ, তা বাজারে মিলছে না।
গঙ্গার টাটকা ইলিশ এখনও ওঠেনি
কলকাতার বাজারগুলিতে খোঁজ নিয়ে জানা গেল, যা বিকোচ্ছে সবই ফ্রোজেন ইলিশ বা হিমঘরের মাছ। কয়েক জন মাছ ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেল, আপাতত ভিনরাজ্য থেকেই যে ইলিশ মাছ আসছে, সেই দিয়েই জামাইষষ্ঠীর চাহিদা মেটানোর চেষ্টা চলছে। গঙ্গার টাটকা ইলিশ এখনও অমিল। এই অবস্থায় স্টোর করা কিংবা গুজরাত, মুম্বইয়ের ইলিশের ওপর ভরসা করা ছাড়া উপায় নেই বলে জানাচ্ছে মৎস্যজীবীদের একাংশ।

ইলিশের দাম কেমন যাচ্ছে আজ?
কলকাতার মানিকতলা বাজার সমিতির সভাপতি বাবলু দাসের কথায়, 'বড় ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০ টাকা কিলো। কিন্তু সবই ফ্রোজেন ইলিশ। গঙ্গার টাটকা ইলিশ এখনও বাজারে আসেনি। কোনও মাছই ওঠেনি। ১ কিলো সাইজের ইলিশের দাম ১৪০০ টাকার কাছাকাছি।' ২০ জুন অর্থাত্ শনিবার জামাইষষ্ঠী। তার আগে আজ জামাইকে ইলিশ খাওয়াতে চেষ্টার কসুর করবে না বাংলার শ্বশুররা। কিন্তু টাটকা ইলিশ তাঁরা পাবেন না, এটুকু নিশ্চিত। বাজারে খোঁজ নিয়ে জানা গেল, যে সমস্ত মাছ কলার পাতায় প্যাকেট হয়ে আসে, সেগুলির দাম অন্য ইলিশের তুলনায় বেশি।

ভাল ইলিশ মাছ চেনার উপায় কী?
বেশি দাম দিয়ে ইলিশ মাছ কিনে যাতে না ঠকে যান, তার জন্য বাজারে মাছ কেনার আগে কিছু জিনিস দেখে নিন। যেমন, ভাল মানের ইলিশের গায়ে লালচে-গোলাপি আভা থাকে। অনেকেই মাছের গায়ে রং লাগিয়ে তেমন আভা আনতে চান। তাই কেনার আগে তা ভাল করে যাচাই করে নেবেন। মাছ যত উজ্জ্বল হবে, তার স্বাদ তত বেশি হয়। ইলিশ মাছের চোখের ভিতরেও লালচে আভা থাকে, যা ইলিশের মতো অন্য কোনও সামুদ্রিক মাছের থাকে না। তাই মাছ কেনার আগে চোখ দু’টি ভাল করে খেয়াল করবেন। মাছের চোখ ঘোলাটে হলে বুঝতে হবে সেই মাছ ভাল নয়। মাছ কাটার সময় রক্তের রঙের দিকেও নজর রাখতে হবে। রক্তের রং কালচে হলে বুঝতে হবে মাছটি দীর্ঘ দিন ধরে মজুত রাখা ছিল, সেই মাছের স্বাদ মোটেই ভাল হবে না।