প্রেমিকার পোষ্যদের খুন প্রেমের সম্পর্কে বিচ্ছেদ। সেই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে বান্ধবীর দুই পোষ্য কুকুরকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। কলকাতার যাদবপুরের বিক্রমগড় এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বান্ধবী বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তাঁর দুই পোষ্য কুকুরকে নৃশংসভাবে হত্যা করে সেই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় যাদবপুর থানার পুলিশ। অভিযুক্ত সঞ্জীব ভট্টাচার্যকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিক্রমগড়ের একটি ভাড়াবাড়িতে সঞ্জীব ভট্টাচার্য ও তাঁর লিভ-ইন সঙ্গী পরী নোভা একসঙ্গে থাকতেন। তাঁদের সঙ্গে একাধিক পোষ্য কুকুরও ছিল। সম্প্রতি দু'জনের সম্পর্কে তিক্ততা তৈরি হয়। সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন পরী। শুক্রবার তিনি ওই ভাড়াবাড়ি ছেড়ে চলে যান। তবে তাঁর পোষ্য কুকুরগুলি বাড়িতেই থেকে যায়।
শনিবার পরীকে ভিডিয়ো কল করেন সঞ্জীব। পুলিশ সূত্রে খবর, সেই কলের সময়ই পরী দেখতে পান, তাঁর একটি পোষ্য কুকুরের গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছে। এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয় এক ব্যক্তিকে ফোন করে ওই ফ্ল্যাটে যাওয়ার অনুরোধ করেন। সেখানে পৌঁছে ওই ব্যক্তি দেখেন, পরীর দুই পোষ্য কুকুরেরই মৃত্যু হয়েছে। অভিযোগ, ফ্ল্যাটের ভিতরে ছড়িয়ে ছিল রক্ত।
ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন অভিনেত্রী তথা পশুপ্রেমী দেবলীনা দত্ত। তিনি রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গেও যোগাযোগ করেন। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপের দাবি জানান তাঁরা। খবর দেওয়া হয় যাদবপুর থানায়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সঞ্জীবকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার নেপথ্যে সম্পর্কের টানাপোড়েন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে অভিযুক্তের মানসিক অবস্থা নিয়েও কিছু প্রশ্ন উঠেছে বলে পুলিশ সূত্রের দাবি। তবে ঠিক কী কারণে এবং কীভাবে দুই পোষ্য কুকুরের মৃত্যু হল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্ত ও অন্যান্য তদন্তের রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনায় অভিযুক্তের ভূমিকা আরও স্পষ্ট হবে।
প্রেমের সম্পর্কের বিচ্ছেদকে কেন্দ্র করে দুই অবলা প্রাণীর এমন মর্মান্তিক পরিণতির অভিযোগে ক্ষোভ ছড়িয়েছে পশুপ্রেমীদের মধ্যে। তবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পরই সমস্ত বিষয় স্পষ্ট হবে।