NRS Medical College News: ডিউটি বিক্রি করছেন ইন্টার্ন ডাক্তাররা? NRS-এ অভিযোগ, কড়া শাস্তির দাবি, ঠিক কী চলে...

এনআরএস মেডিক্যাল কলেজের হাসপাতালের ইন্টার্নদের একাংশ ডিউটি এড়াতে অভিনব রাস্তা বেছে নিয়েছেন বলে অভিযোগ। তাঁরা টাকার বিনিময়ে নিজের ডিউটি অন্যকে দিয়ে করিয়ে নিচ্ছেন বলে দাবি। ঠিক কীভাবে কাজটা হতো? কী বলছেন চিকিৎসকেরা? জেনে নিন।

Advertisement
ডিউটি বিক্রি করছেন ইন্টার্ন ডাক্তাররা? NRS-এ অভিযোগ, কড়া শাস্তির দাবি, ঠিক কী চলে...এনআরএস মেডিক্যাল কলেজে ইন্টার্নরা ডিউটি বিক্রি করেছেন? (ছবি: হাসপাতাল)
হাইলাইটস
  • এনআরএস মেডিক্যাল কলেজের হাসপাতালের ইন্টার্নদের একাংশ ডিউটি এড়াতে অভিনব রাস্তা বেছে নিয়েছেন বলে অভিযোগ
  • তাঁরা টাকার বিনিময়ে নিজের ডিউটি অন্যকে দিয়ে করিয়ে নিচ্ছেন বলে দাবি
  • তাঁরা টাকার বিনিময়ে নিজের ডিউটি অন্যকে দিয়ে করিয়ে নিচ্ছেন বলে দাবি

খাস কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজে স্বাস্থ্যব্যবস্থার এক গুরুতর ছবি সামনে এল। অভিযোগ, এই হাসপাতালের ইন্টার্নদের একাংশ ডিউটি এড়াতে অভিনব রাস্তা বেছে নিয়েছেন। তাঁরা টাকার বিনিময়ে নিজের ডিউটি অন্যকে দিয়ে করিয়ে নিচ্ছেন। আর এই খবর সামনে আসার পরই শোরগোল পড়ে গিয়েছে। নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন স্তর থেকে।  

ঠিক কী হয়েছে? 
অভিযোগ, এনআরএস মেডিক্যাল কলেজের ইন্টার্নদের একাংশ একটি গ্রুপ তৈরি করেছেন। সেই গ্রুপে রয়েছেন ২০০-এর বেশি ইন্টার্ন। তাঁরা সেখানে নিজেদের মধ্যে ডিউটি বিক্রি করেছেন টাকার বিনিময়ে।

ইতিমধ্যেই গ্রুপের কিছু স্ক্রিনশট ভাইরালও হয়েছে (সেই স্ক্রিনশটের সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in)। সেখানে দেখা যাচ্ছে, ইন্টার্নদের একাংশ ডিউটি করতে চাইছেন না। তাঁদের ডিউটি করে দেবেন বলে রাজি হচ্ছেন অন্যজন। ডিউটির বদলে প্রতি ঘণ্টার জন্য দুশো-আড়াইশো টাকা চার্জ করছেন। আর এই ঘটনা সামনে আসার পরই পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। 

এই বিষয়ে শাসক দলের মুখপাত্র ও বিজেপি ডক্টর্স ফোরামের নেতা ডা: তন্ময় মুখোপাধ্যায় বলেন, 'আমরা এমনটা কখনও ভাবতেও পারি না। অভাবনীয় এবং অভূতপূর্ব। কখনও কোথাও ঘটেছে বলে জানি না। পশ্চিমবঙ্গের যে রাজনীতি চলেছে গত ১৫ বছর ধরে, সেই সবের জন্যেই এইগুলো হতে পেরেছে। তখনকার সময় যারা ছিল, তারা চোখ বন্ধ করে বসে ছিল। এখন সরকারকে দেখতে হবে যাতে এগুলো এখনই বন্ধ করা হয়। আগামিদিনে কোনও ইন্টার্ন এরকম কিছু করতে যেন ভবিষ্যতে ভয় পায়, সেরকম ব্যবস্থা নিতে হবে। যাঁরা যাঁরা এরসঙ্গে জড়িত, সকলের শাস্তি দিতে হবে।' 

এমন ঘটনার তীব্র নিন্দা করেছেন এনএমও-এর সভাপতি ডা: রুদ্রনীল নন্দী বলেন, 'এইরকম হয় নাকি আবার? একজনের ডিউটি আরেকজন করে দেবে, এতো মানে চরম অব্যবস্থা! এই জিনিস একদমই ঠিক না। যারা এগুলো করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।' 

তাঁর আরও প্রশ্ন, 'কোনও একজন ইন্টার্নের পরিবর্তে অন্য একজন যদি ডিউটি করে দেয়, সেটা কি কেউ দেখছে না? কারা দেখছে না? তাঁদেরকেও তদন্তের আওতায় আনতে হবে। এটা রোগী নিরাপত্তা ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে। ইন্টার্নরাও অনেক কিছু শিখতে পারবে না।'

Advertisement

এই বিষয়ে একই মত অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টরস-এর সম্পাদক ডা: উৎপল বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, 'আমদের সংগঠন স্পষ্টভাবে এই ঘটনার নিন্দা জানায়। টাকার মাধ্যমে এভাবে ডিউটি বিক্রি করা যায় না। তবে এটা শুরু হয়েছিল বিগত তৃণমূল সরকারের আমলে। থ্রেট কালচারের জনকেরা এটা চালু করেছিল। শুধু ইন্টার্ন কেন, হাসপাতালের অন্যান্য ক্ষেত্রেও এমনটা চালু আছে বলে অভিযোগ। তাই শুধু ইন্টার্নদের দোষ দিয়ে লাভ নেই। তাদের পাশাপাশি যারা এগুলো চালু করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেই সব থ্রেট কালচারের নায়কদের শাসক শিবিরে নিরাপদ আশ্রয় দেওয়া চলবে না। ব্যবস্থা নিতে হবে।'

এবিভিপি মেডেভিশনের নেতা মানস বর্মন বলেন, 'এই ধরনের অভিযোগ সত্যি হলে তার নিন্দা জানাই। যদি কোনও ইন্টার্ন নিজের ডিউটি জুনিয়র বা নন মেডিকোকে দিয়ে করায়, সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নিক।'

যদিও একাংশের চিকিৎসক উল্টো কথাও বলছেন। তাঁদের মতে, কোনও ইন্টার্ন অনুপস্থিত থাকলে সেই কলেজের ইন্টার্ন ডিউটি করে দিতেই পারে। এটায় সমস্যার কিছু নেই। যদিও এই নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে উঠেছে। এখন দেখার স্বাস্থ্যভবন ঠিক কী ব্যবস্থা নেয়।  

 

POST A COMMENT
Advertisement