কাজরী বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে অপসারিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাসপেন্ড করা হয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। নিউটাউনের একটি বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নয়া তৃণমূল টিম এই ঘোষণা করেছে। জানা গিয়েছে, সেই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার একাধিক প্রাক্তন কাউন্সিলর। জল্পনা তৈরি হয় কাজরী বন্দ্যোপাধ্যায়কে নিয়েও। তাঁর অবস্থান কী? নিজেই জানালেন bangla.aajtak.in-কে।
কাজরী বন্দ্যোপাধ্যায় কি নয়া তৃণমূলে?
৭৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়। তবে তার আরও একটি পরিচয়, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিকের স্ত্রী। ফলত ঘরের সদস্যই মমতার বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী শিবিরে নাম লেখালেন, তা নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়েছিল। রটে যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ডাকা বৈঠকে নিউটাউনের হোটেলে তিনিও উপস্থিত ছিলেন। সত্যিটা কী?
bangla.aajtak.in-কে কাজরী বন্দ্যোপাধ্যায় বলেন, 'না না উপস্থিত ছিলাম না বৈঠকে। আমি আউট অফ স্টেশন ছিলাম। কাল রাতে ফিরেছি। আমাকে ডাকা হয়েছিল। তবে আমি বোলপুরে ছিলাম বলে যেতে পারিনি।'
এই নয়া তৃণমূল কংগ্রেসের আগামী বৈঠকে কি কাজরী উপস্থিত থাকবেন? মমতার ভাতৃবধূ বলেন, 'হ্যাঁ, ডাকা হলে পরিস্থিতি অনুযায়ী নিশ্চয়ই যাব।'
মমতা চেয়ারম্যান পদ থেকে অপসারিত, অভিষেক সাসপেন্ড। কী প্রতিক্রিয়া কাজরীর? তিনি বলেন, 'ওখানে ঠিক কী আলোচনা হয়েছে, কী সিদ্ধান্ত হয়েছে আমি সঠিক জানি না। তাই এই ব্যাপারটা নিয়ে এখনই কিছু বলতে চাই না। আগে সকলের সঙ্গে একটু আলোচনা করে নিই। তারপর জানাব।' নতুন তৃণমূলে তিনি যাবেন কি না, তা নিয়েও অবশ্য স্পষ্ট করে কিছু বলতে পারেনি কাজরী।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছন। সেখানেও উপস্থিত ছিলেন কাজরী বন্দ্যোপাধ্যায়। তিনি সে সময়ও বলেছিলেন, প্রশাসনের থেকে সহযোগিতা চান যাতে আগামিদিনে নিজের ওয়ার্ডে কাজ করতে পারেন। তবে তিনি দিদির পাশে আছেন না ঋতব্রতদের টিমে, তা অবশ্য সোজাসুজি বলতে পারেননি।