Kalyan Banerjee: মামলা লড়তে কত টাকা নেন উকিল কল্যাণ? জানালেন নিজেই

তাঁর পেশা এবং আয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন ঋতব্রত শিবিরের তৃণমূল বিধায়ক আখরুজ্জামান। সঙ্গে সঙ্গে বিধায়ককে নিজের লেভেল বুঝিয়ে দিলেন মমতা তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে জানালেন কত টাকা ফি নেন তিনি।

Advertisement
মামলা লড়তে কত টাকা নেন উকিল কল্যাণ? জানালেন নিজেইকল্যাণ বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • প্রশ্ন তুলেছিলেন বিধায়ক আখরুজ্জামান
  • বিধায়ককে নিজের লেভেল বুঝিয়ে দিলেন কল্যাণ
  • জানালেন কত টাকা ফি নেন তিনি

তাঁর পেশা এবং আয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন ঋতব্রত শিবিরের তৃণমূল বিধায়ক আখরুজ্জামান। সঙ্গে সঙ্গে বিধায়ককে নিজের লেভেল বুঝিয়ে দিলেন মমতা তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে এ-ও জানালেন এক একটি কেস লড়তে কত টাকা করে ফি নেন তিনি। 

আখরুজ্জামানের তোপ
আখরুজ্জামান প্রশ্ন করেছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি ৫০ কোটি টাকা আয়কর দিয়ে থাকেন, তাহলে তাঁর আয় কত? আয়ের উৎস নিয়েও প্রশ্ন তোলেন ডেমোক্রেটিক তৃণমূলের এই বিধায়ক। একইসঙ্গে তিনি দাবি করেন, মমতার আমলে মন্ত্রীদের বাধ্য করা হত কল্যাণ বন্দ্যোপাদ্যায় ও তাঁর পরিবারকে দিয়েই যেন মামলা লড়ানো হয়। রঘুনাথগঞ্জের বিধায়কের আরও দাবি, সরকারের কাছে ‘শ্বেতপত্র’ প্রকাশ করে সব সত্যি জানানো হোক। কল্যাণের  পারিশ্রমিক সংক্রান্ত বিষয়ে ‘স্বজনপোষণ’ ও জনগণের অর্থের অপচয়ের অভিযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠিও দিয়েছেন আখরুজ্জামান। 

পাল্টা জবাব কল্যাণ
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, 'আমার লেভেল সম্পর্কে ওর কোনও ধারণা আছে? আমি যখন ডিগ্রি পাশ করেছি, ওঁর তখন জন্মই হয়নি। আমি মনু সিংভির বিরুদ্ধে লড়ে সিঙ্গুরের মামলা জিতেছি। আমি যখন রিজওয়ানুর মামলা লড়ি, তখন ওঁ হাফ প্যান্ট পরে। ২০১৩-তে পঞ্চায়েত নির্বাচনে জিতে আসি। ২০১৮ সালে   চন্দ্রচূড়ের ঘর থেকে জিতে আসি। ২০২৩ সালেও বন্ধ করতে চেয়েছিল, সরকারের হয়ে লড়ে আমি জিতে আসি।'

কেস প্রতি কত ফি কল্যাণের
এরপরই নিজের মামলা লড়ার ফি প্রকাশ্যে আনেন শ্রীরামপুরের সাংসদ। তিনি জানান, ২০২০ সাল থেকে তিনি কলকাতা হাইকোর্টে একটি মামলার হিয়ারিং প্রতি দেড় লক্ষ টাকা করে ফি নেন। সুপ্রিম কোর্টের ক্ষেত্রে মামলায় হিয়ারিং প্রতি নেন ৩ লক্ষ টাকা। কল্যাণ বলেন, ''সাধারণ মানুষের জন্য যে ফি চার্জ করি, সরকারের জন্যও একই ফি চার্জ করি। আমি প্যানেল আইনজীবী নই, আমি স্পেশাল কাউন্সিল। আমি সরকারের সব বিষয়ে মামলা করি না।'

গরিব মানুষের জন্য তিনি প্রচুর বিনা পয়সায় মামলা লড়েছেন বলেও জানান। কল্যাণের কথায়, ''আমার মতো বিনা পয়সায় গরিব মানুষের জন্য মামলা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছাড়া কেউ লড়েনি। আখরুজ্জামানের বাবা আমার কাছে আসত কেস নিয়ে। বলত, কল্যাণবাবু বাঁচান। পলিটিক্স করি বলে তাই, না হলে ও সব লোকের আমার নাম নেওয়ার মতো যোগ্যতা নেই।'

Advertisement

 

POST A COMMENT
Advertisement