কলকাতা বিমানবন্দরের বাইরে বিজেপি ও তৃণমূলের হাতাহাতি। দিল্লি থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফেরার আগে রণক্ষেত্রের চেহারা নিল দমদম বিমানবন্দর চত্বর। বিমানবন্দরের গেটের বাইরে তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে ব্যাপক হাতাহাতি ও ধস্তাধস্তি। পুলিশ গিয়ে সামাল দেয় পরিস্থিতি।
তৃণমূলের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়ার জন্য পরিকল্পিতভাবে সেখানে জড়ো হয়েছিলেন বিজেপি কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে শুরু হয় স্লোগান। সেখান থেকে হাতাহাতি। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। বিমানবন্দরের এক্সিট গেটের বাইরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বিশৃঙ্খলার মাঝেই কড়া নিরাপত্তার ঘেরাটোপে অন্য একটি গেট দিয়ে বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যান অভিষেক।
এক অভিষেক সমর্থকের বক্তব্য,'আমরা এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে এসেছিলাম। ঠিক তখন বিজেপির এক নেতা এখানে আসেন। তাঁর সঙ্গে বেশ কয়েকজন হাতে ডিম নিয়ে হাজির হন। আমরা তাঁদের এই সংস্কৃতির শুরু না করার অনুরোধ জানাই। ওরা দাবি করেছে, এই সংস্কৃতি নাকি আমরা শিখিয়েছি। তারপর ওরা আমাদের লোকেদের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করে। সিআরপিএফ-কে অনুরোধ করি, ওদের ওখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু বিমানবন্দরের মতো জায়গায় ওরা অস্ত্র বের করল। কীভাবে অস্ত্র নিয়ে আসতে পারে?'
স্পিকারের সঙ্গে বৈঠক অভিষেকের
শুক্রবার দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করেন অভিষেক। দলত্যাগীদের সাংসদ পদ বাতিলের আর্জি করেন। নিজের দাবি সপক্ষে দেন সাংবিধানিক দলিলও। বেরিয়ে তিনি বলেন,'আশা করছি স্পিকার সংবিধান মেনে চলবেন। যথাবিহিত ব্যবস্থা নেবেন'।