Kolkata Book Fair 2027: কলকাতা বইমেলায় এ বার বড় চমক, থিমে কোন দেশ? দিনক্ষণও রইল

Kolkata Book Fair: এবার কলকাতা বইমেলায় দেশের সংস্কৃতি,ইতিহাস এবং জাতীয় পরিচয় তুলে ধরতে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্যে প্রথমবার আয়োজিত হচ্ছে কলকাতা বইমেলা।

Advertisement
কলকাতা বইমেলায় এ বার বড় চমক, থিমে কোন দেশ? দিনক্ষণও রইলকলকাতা বইমেলার থিম ঘোষণা, থাকছে বিশেষ চমক
হাইলাইটস
  • কলকাতাবাসী সাক্ষী থাকতে চলেছে সবচেয়ে বড় বইপ্রেমীদের উৎসবের।
  • আগামী বছর কলকাতা বইমেলার ৫০তম আসরে থাকছে বিশেষ চমক।
  • এখন থেকে মাত্র ৯৮ দিন পরেই শুরু হবে বইপ্রেমীদের সবচেয়ে বড় উৎসব।

উৎসবের সূচনা হতেই আনন্দে মেতেছে রাজ্য। দশভূজার পুজোর পর, দীপাবলি, বড়দিন পার করেই কলকাতাবাসী সাক্ষী থাকতে চলেছে সবচেয়ে বড় বইপ্রেমীদের উৎসবের। আগামী বছর কলকাতা বইমেলার ৫০তম আসরে থাকছে বিশেষ চমক।

কলকাতা বইমেলার দিনক্ষণ জানুন (Kolkata Book Fair 2027 Date)

২০২৭ সালের ২২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে ৫০তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। অর্থাৎ এখন থেকে মাত্র ৯৮ দিন পরেই শুরু হবে বইপ্রেমীদের সবচেয়ে বড় উৎসব।

এবারের থিম কী রয়েছে? (Kolkata Book Fair Theme)

এবারের বইমেলার থিম 'INDIA'। দেশের ইতিহাস, সংস্কৃতি এবং জাতীয় পরিচয় তুলে ধরতে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সূত্র বলছে, বইমেলায় জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি, ২০২৬ সালে পালিত ভারতের স্বাধীনতার ৮০তম বার্ষিকী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও অবদান এবং দেশভাগের যন্ত্রণা-সহ একাধিক বিষয় তুলে ধরার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের।

বইমেলার সুবর্ণজয়ন্তীতে এবছর যৌথভাবে আয়োজন করছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড, ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার (ইজেডসিসি) এবং ন্যাশনাল বুক ট্রাস্ট (এনবিটি)। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর এটাই প্রথম বইমেলা। ফলে এবারে কোনও বিষয়ে বদল আসে কিনা, তা দেখার জন্য মুখিয়ে রয়েছে বইপ্রেমীরা। এই বইমেলা আয়োজনের জন্য রাজ্য সরকারের তরফেও একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

বুধবার বইমেলার প্রাঙ্গণের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন গিল্ডের প্রতিনিধি ত্রিদিব চট্টোপাধ্যায় ও সুধাংশুশেখর দে এবং উপদেষ্টা কমিটির সদস্য প্রসেনজিৎ বক্সী। স্টল বুকিং ও বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। আগে জমা পড়া আবেদনগুলিও ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হবে। আবেদনপত্রের প্রাথমিক যাচাইয়ের পর লটারির মাধ্যমে স্টল বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি লেখক, সাহিত্যিক, কবি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement