ইস্ট-ওয়েস্ট রুটে ডিসেম্বর থেকে মেট্রোর সংখ্যা বাড়ানো হচ্ছেEast-West Metro: সন্ধেয় ব্যস্ত সময়ে যাত্রীদের ভিড়ের চাপ কমাতে আরও বেশকিছু মেট্রো (Metro) চালু হতে চলেছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোতে (East-West Metro) আগামী ১ ডিসেম্বর থেকে মেট্রোর সংখ্যা বাড়ানো হচ্ছে। এতদিন, এই রুটে ১০০টি মেট্রো চালানো হত। ৫০টি আপ এবং ৫০টি ডাউনে মেট্রো চলত।
১ ডিসেম্বর, বৃহস্পতিবার থেকে ইস্ট-ওয়েস্ট শিয়ালদহ (Sealdah) এবং সল্টলেক সেক্টর ফাইভে (Salt Lake Sector V) মোট ১০৬টি মেট্রো চলবে। আপ ও ডাউনে ৫৩টি করে মেট্রো চালানো হবে। মোট ৬টি ট্রেন বাড়ানো হয়েছে। এর ফলে অফিস টাইমে যাত্রীদের ভিড়ের চাপ খানিকটা কমবে বলে আশা করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সল্টলেক সেক্টর ফাইভে এলাকায় প্রচুর অফিস কাচারি থাকায় সপ্তাহের পাঁচদিন ভিড় উপচে পড়ে। ফলে অসুবিধায় পড়েন নিত্য যাত্রীরা। তাই আরও ৬টি অতিরিক্ত মেট্রো চললে এই সমস্যা খানিকটা মিটবে হবে বলেই মনে করা হচ্ছে।
এই রুটে মেট্রোর যাত্রী-সংখ্যাও অনেকটাই বেশি। বিশেষ করে দক্ষিণ কলকাতা থেকে বেশিরভাগ মানুষের জন্য় এই রুটটি সুবিধাজনক।
শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের মেট্রো ৬.৫৫ মিনিটে এবং সেক্টর ফাইভ থেকে শিয়ালদহর মেট্রো সকাল ৭টায় প্রথম মেট্রো ছাড়বে। এই সময়সীমায় কোনও বদল নেই। আবার শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ৯টা ৩৫ মিনিট ও সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত ৯.৪০ মিনিটেই শেষ মেট্রো চলবে। সন্ধেয় ব্যস্ত সময়ে মেট্রো পরিষেবা ১৫ মিনিটের ব্যবধানের পরিবর্তে ১২ মিনিটের ব্যবধানে পাওয়া যাবে।