জাপানে রাধাবিনোদ পালের সৌধের সামনে অভিষেক।-ফাইল ছবিকলকাতার শহর মানচিত্রে যুক্ত হল নতুন নাম। এসপ্ল্যানেড রো (ওয়েস্ট)-এর নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘বিচারপতি রাধাবিনোদ পাল সরণি’। কলকাতা পুরসভা আগেই এই সিদ্ধান্ত নিয়েছিল। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট সেই প্রস্তাবে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে।
এই নামকরণের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গত বছর কেন্দ্রীয় সরকারের উদ্যোগে গঠিত একটি বহুদলীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে তিনি জাপান-সহ এশিয়ার একাধিক দেশে সফর করেন। সেই সময় জাপানে বিচারপতি রাধাবিনোদ পালের পরিবারের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। পরিবারের পক্ষ থেকেই কলকাতায় প্রয়াত বিচারপতির স্মরণে একটি রাস্তার নামকরণের অনুরোধ জানানো হয়েছিল। অভিষেক সেই সময়ই বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।
কয়েক মাস আগে কলকাতা পুরসভা আনুষ্ঠানিকভাবে রাস্তার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। তবে প্রক্রিয়াগত কারণে হাই কোর্টের অনুমোদন প্রয়োজন ছিল। বৃহস্পতিবার আদালতের সম্মতিতে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হল।
বিচারপতি রাধাবিনোদ পাল শুধু কলকাতা হাইকোর্টের বিচারপতিই নন, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী টোকিও ট্রায়ালে আন্তর্জাতিক সামরিক আদালতের বিচারক হিসেবে তাঁর ঐতিহাসিক ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। সেই সময়ের অবস্থানের কারণে তিনি জাপানে ‘ফ্রেন্ড অব জাপান’ হিসেবেও সম্মানিত হন। টোকিও শহরে তাঁর নামে একটি জাদুঘরও রয়েছে।