২০২৬-এ কলকাতায় কমল বাড়ি রেজিস্ট্রির সংখ্যা, ঝোঁক মাঝারি-বড় ফ্ল্যাটেকলকাতায় কমল বাড়ি রেজিস্ট্রির সংখ্যা। পরিসংখ্যান বলছে, শহরে জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে ১২ শতাংশ কমেছে বাড়ি রেজিস্ট্রেশন। নাইট ফ্র্যাঙ্ক ইন্ডিয়ার একটি রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।
রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা মেট্রোপলিটন এলাকায় বাড়ি রেজিস্ট্রেশনের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ কমে হয়েছে ৪১,৩০৯টি। কিন্তু এই সময়ের মধ্যে মাঝারি ও বড় আকারের ফ্ল্যাটের রেজিস্ট্রেশনের অনুপাত বেড়ে গিয়েছে বলেই দাবি করা হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, সেপ্টেম্বরে শহের ৪,৮৪৫টি আবাসিক ফ্ল্যাটের রেজিস্ট্রেশন হয়েছে। এক বছর আগে এই সংখ্যা ছিল ৫,৩০২টি। অর্থাৎ, গত বছরের তুলনায় রেজিস্ট্রেশন ৯ শতাংশ কমেছে। তবে আগস্টের তুলনায় আবার রেজিস্ট্রেশন ২ শতাংশ বেড়েছে।
আয়তন ভিত্তিক রেজিস্ট্রেশন
২০২৬ সালের প্রথম ৯ মাসে ৫০১ থেকে ১,০০০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটগুলি মোট রেজিস্ট্রেশনের ৫৮ শতাংশ হয়েছে। গত বছরের একই সময়ে এই হার ছিল ৪৬ শতাংশ। অর্থাৎ বেশি পরিমাণে হচ্ছে ৫০১ থেকে ১,০০০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটগুলির রেজিস্ট্রি।
এই আয়তনের ফ্ল্যাটের রেজিস্ট্রেশন বেড়ে হয়েছে ২৪,০০২, যা গত বছর ছিল ২১,৩৫৮। অন্যদিকে, ১,০০০ বর্গফুটের বেশি আয়তনের ফ্ল্যাটের রেজিস্ট্রেশনের অনুপাত ৬ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১১ শতাংশ। এই ধরনের ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ৩,০০৯ থেকে বেড়ে হয়েছে ৪,৩৮১। এর বিপরীতে, ৫০০ বর্গফুট পর্যন্ত অপেক্ষাকৃত ছোট সাইজের ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ৪২ শতাংশ কমে হয়েছে ১২,৯২৬।
এলাকাভিত্তিক রেজিস্ট্রেশন
সেপ্টেম্বর মাসে মোট রেজিস্ট্রেশনের ৩৬ শতাংশ হয়েছে উত্তর কলকাতায়। এরপর রয়েছে দক্ষিণ কলকাতা, যেখানে রেজিস্ট্রেশনের হার ৩১ শতাংশ। নির্দিষ্ট এলাকাগুলির মধ্যে রাজারহাটে সবচেয়ে বেশি ৩৮০টি ফ্ল্যাটের রেজিস্ট্রেশন হয়েছে। এরপর রয়েছে খড়দা। সেখানে ৩৩৫টি এবং দমদমে ৩০৫টি রেজিস্ট্রেশন হয়েছে। এই পরিসংখ্যানের মধ্যে নতুন বিক্রি হওয়া এবং রিসেল হওয়া সব ধরনের আবাসিক ফ্ল্যাটের হিসেব রয়েছে।