কলকাতায় বড়-মাঝারি ফ্ল্যাটে বাড়ছে আকর্ষণ, তবে কমছে বাড়ি রেজিস্ট্রির সংখ্যাকলকাতায় একমাসের নিরিখে কমল বাড়ি কেনার পরিমাণ। রিপোর্ট বলছে গত বছরের অক্টোবর মাসের তুলনায়, ২০২৬ সালের অক্টোবর মাসে কমেছে বাড়ির রেজিস্ট্রেশনের সংখ্যা। তবে আবাসনের চাহিদার ক্ষেত্রে বড় ফ্ল্যাটের দিকে ঝোঁক বাড়ছে বলে রিপোর্টে উল্লেখ। দাবি করা হচ্ছে, কলকাতা মেট্রোপলিটন এলাকায় অক্টোবরে বাড়ি রেজিস্ট্রেশনের সংখ্যা গত বছরের একই মাসের তুলনায় ১১ শতাংশ কমে গিয়েছে। চলতি বছরের অক্টোবরে বাড়ি রেজিস্ট্রেশন হয়েছে ৩৯৭৮টি।
রিয়েল এস্টেট সংস্থা নাইট ফ্র্যাঙ্ক ইন্ডিয়ার রিপোর্টে উঠে এসেছে, শুধুমাত্র গত বছরের অক্টোবর মাসের হিসেবে না, ২০২৬ সালেও সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে বাড়ি রেজিস্ট্রেশনের সংখ্যা কমেছে ১৮ শতাংশ। পশ্চিমবঙ্গের ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশনস অ্যান্ড স্ট্যাম্পস রেভিনিউয়ের তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে।
রিপোর্ট অনুযায়ী, অক্টোবরে কলকাতায় মোট বাড়ি রেজিস্ট্রেশনের প্রায় ৭৫ শতাংশ হয়েছে উত্তর ও দক্ষিণ কলকাতা মিলিয়ে। গত বছরের অক্টোবর মাসের তুলনায় চলতি অক্টোবরে উত্তর কলকাতায় বেড়েছে বাড়ি রেজিস্ট্রেশনের পরিমাণ। আগের বছরের ৩৬ শতাংশ থেকে বেড়ে এবছরের অক্টোবরে হয়েছে ৩৯ শতাংশ। অন্যদিকে, দক্ষিণ জোনে বাড়ি রেজিস্ট্রেশনের ভাগ কমেছে। গত বছরের অক্টোবরে এই হার ছিল ৩৮ শতাংশ। চলতি বছরের অক্টোবরে তা কমে হয়েছে ৩৬ শতাংশ।
২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত কলকাতা মেট্রোপলিটন এলাকায় মোট ফ্ল্যাট রেজিস্ট্রেশনের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ কমে হয়েছে ৪৫,২৮৭টি। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৫১ হাজারেরও বেশি।
পতনের কারণ কী?
রিপোর্ট বলছে, ২০২৫ সালে কলকাতায় সম্পত্তি রেজিস্ট্রেশনের সংখ্যা সর্বকালীন রেকর্ড ছুঁয়েছিল। ফলে স্বাভাবিক ভাবেই তা এবছর হয়নি। সেই কারণেই ২০২৬ সালে রেজিস্ট্রেশনের সংখ্যায় এই পতন দেখা যাচ্ছে।
তবে আবাসনের চাহিদার ধরনে পরিবর্তন এসেছে। মাঝারি আকারের এবং বড় ফ্ল্যাটের দিকে ক্রেতাদের ঝোঁক বাড়ছে। নতুন ও পুরনো, দুই ধরনের ফ্ল্যাটের বাজারেই এই প্রবণতা দেখা যাচ্ছে। বাড়ি কেনাবেচার মোট লেনদেনে মাঝারি ও বড় ফ্ল্যাটের অংশ ক্রমশ বাড়ছে বলে জানিয়েছে এই রিপোর্ট।