কলকাতা মেট্রোয় কবচদুই মেট্রোর মধ্যে ধাক্কা লাগার আশঙ্কা শেষ। এমনকী কম ব্যবধানে চালানো যাবে দু'টি রেক। কারণ, এবার কলকাতা মেট্রোতে কবচ প্রযুক্তি ব্যবহার হতে চলেছে। ভারতীয় রেলের পর এই দেশীর টেকনোলজি ইনস্টল করা হবে কলকাতা মেট্রোয়। আর দেশের মধ্যে কলকাতা মেট্রোতেই প্রথম এই প্রযুক্তি ব্যবহার হতে চলেছে বলে খবর মিলছে মেট্রো রেল সূত্রে।
মাথায় রাখতে হবে, কলকাতা মেট্রোয় কবচ লাগানোর পরিকল্পনা নতুন কিছু নয়। এটা নিয়ে অনেক দিন ধরেই বিস্তর আলোচনা চলছে। এমনকী গত বছর ডাকা হয়েছে টেন্ডারও। আর এবার সেই প্ল্যানিং বাস্তবের মুখ দেখতে চলেছে বলেই খবর মিলছে। আর তাতে যাত্রীদের সুবিধা হবে বলেই দাবি কলকাতা মেট্রোর।
কোথায় বসানো হচ্ছে?
ইতিমধ্যেই কলকাতা মেট্রোয় কবচ প্রযুক্তি বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে বলে খবর মিলছে। নোয়াপাড়া ও বিমানবন্দর সেকশনে এই প্রযুক্তি বসানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মোটামুটি আগামী বছরের শুরুর দিকেই এই প্রযুক্তির ব্যবহার শুরু হবে। প্রথম দিকে দেখা হবে, এই টেকনোলজি কতটা কার্যকর হল। তারপর অন্যান্য সেকশনেও কবচ ব্যবস্থা চালু করা হবে বলে খবর মিলছে।
জানা যাচ্ছে, নোয়াপাড়া ও বিমানবন্দর রুটে কবচ বসানোর কাজটি শুরু করে দিয়েছে হায়দরাবাদারের একটি সংস্থা। কয়েক কোটি টাকা ব্যয়ে এই প্রযুক্তি ইনস্টল করার কাজ কিছুটা এগিয়ে গিয়েছে।
আসলে কলকাতা মেট্রোয় কবচ প্রযুক্তি চালু করার লক্ষ্য নিয়ে গত বছর টেন্ডার ডাকা হয়। সেই টেন্ডারের উপর নির্ভর করেই হায়দরাবাদের সংস্থা এই কাজ পেয়েছে। ইতিমধ্যেই তারা কাজ শুরু করে দিয়েছে।
যাত্রীদের ঠিক কী লাভ হবে?
মেট্রো সূত্রে জানা গিয়েছে, শুধু দুর্ঘটনা আটকাতেই কবচের ব্যবহার হচ্ছে না। বরং এই দেশীয় ব্যবস্থার মাধ্যমে একই লাইনে থাকা একাধিক ট্রেনের দূরত্ব ও গতিবেগ নিয়ন্ত্রণ করা যাবে। যার ফলে দু'টি ট্রেন নিরাপদভাবে চলাচল করতে পারবে। তাদের মধ্যে সঠিক দূরত্ব বজায় থাকবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এটা কলকাতা মেট্রোর এক বিরাট বড় আপগ্রেড। এই আপগ্রেডের জন্য ট্রেন চলাচল আরও সুরক্ষিত হবে। বদলে যেতে পারে সিগন্যালিং ব্যবস্থা। যার ফলে কম ব্যবধানে চালানো যাবে মেট্রো। এতে অফিস টাইমে যাত্রীদের সুবিধা হবে।