
যাদবপুর থানায় এক মহিলা সিভিক ভলান্টিয়ারকে যৌন হেনস্তার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় এবার যাদবপুর থানার এসআই কৌশিক রায়কে দায়িত্ব থেকে সরিয়ে রিজার্ভ ফোর্সে বদলি করেছে লালবাজার। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার মিরাজ খালিদ এই নির্দেশ জারি করেছেন।
এর আগে এই ঘটনার মূল অভিযুক্ত হিসেবে যাদবপুর থানার ওসি অমিতাভ চক্রবর্তীকে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন (এসসিও)-এ বদলি করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় এসআই কৌশিক রায় থানার সরকারি গাড়িতেই উপস্থিত ছিলেন। অভিযোগ, তিনি শুধু ঘটনাটি প্রত্যক্ষই করেননি, বরং তা ধামাচাপা দেওয়ার চেষ্টাও করেছিলেন। এমনকি ঘটনার পর নির্যাতিতাকে অভিযোগ দায়ের না করার জন্যও নাকি তিনি নিরস্ত করার চেষ্টা করেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনাটি ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঘটেছে। অভিযোগ, নাইট রাউন্ডে যাওয়ার কথা বলে ওই মহিলা সিভিক ভলান্টিয়ারকে জোর করে থানার গাড়িতে ওঠানো হয়। এরপর শহরতলির একটি বারে গিয়ে অভিযুক্ত ওসি সঙ্গীদের নিয়ে মদ্যপান করেন। ওই মহিলাকেও মদ্যপানের জন্য চাপ দেওয়া হয়, কিন্তু তিনি তা অস্বীকার করেন।
এরপর থানার সরকারি গাড়িতেই অভিযুক্ত ওসি তাঁকে যৌন হেনস্তা করেন বলে অভিযোগ। বিষয়টি লালবাজার কন্ট্রোল রুমের মাধ্যমে ডিসি (এসএসডি) চারু শর্মার নজরে আসে। তাঁর হস্তক্ষেপেই শেষ পর্যন্ত নির্যাতিতা লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে এই ঘটনার তদন্তে যাদবপুর থানার আরও কয়েকজন পুলিশ অফিসার ও কর্মীর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।