কলকাতা পুলিশের পিঙ্ক বুথনীল-সাদা থেকে আচমকাই গোলাপি। রাতারাতি বদলে গিয়েছে কলকাতা পুলিশের কিয়স্কের রং। শহরের একাধিক গুরুত্বপূর্ণ অঞ্চলে এই বুথ তৈরি করা হয়েছে। উদ্দেশ্য, নারী নিরাপত্তা। তবে পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার বললেন, 'আমরা চাই মহিলারা কেবল নিরাপদ থাকুন তা নয়, নিরাপদ বোধও করুন।'
কোথায় কোথায় তৈরি হল পিঙ্ক বুথ?
শনিবার সন্ধ্যা থেকেই শহরের গুরুত্বপূর্ণ ৫টি রাস্তার মোড়ে মোড়ে খুলছে এই পিঙ্ক বুথ। তার মধ্যে রয়েছে, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, কাঁকুড়গাছি, হাডকো মোড়, গড়িয়াহাট এবং বেহালা চৌরাস্তা।
কী পরিষেবা মিলবে এই বুথে?
মহিলা পুলিশ আধিকারিকেরা থাকবেন এই পিঙ্ক বুথগুলিতে। মহিলাদের সমস্যার কথা শুনবেন। যে কোনও বিপদে সহায়তা করবেন। কর্মরত মহিলা, যাঁরা বেশি রাতে বাড়ি ফেরেন, তাঁদের যাতায়াতের সময় নিরাপত্তা নিশ্চিত করার কথা তা মাথায় রেখে এই উদ্যোগ লালবাজারের।
কী বৈশিষ্ট্য এই বুথগুলির?
মহিলা কর্মীরা বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত থাকবেন বুথগুলিতে। প্রাথমিক চিকিৎসার সামগ্রী, ফোন, সিসিটিভি, মহিলা কর্মীদের পোশাক পরিবর্তনের জায়গা সহ একাধিক সুবিধা মিলবে সেখানে। এছাড়াও মিলবে বিভিন্ন প্রাসঙ্গিক তথ্য যেমন থানার নম্বর, হাসপাতালের খোঁজ। মহিলারা মহিলাদের কাছে দ্বিধাহীন ভাবে নিজেদের সমস্যার কথা বলতে পারবেন বলে উল্লেখ করেছেন নগরপাল।
শাইনিং
মহিলা অফিসারদের টহলদারি বাহিনী নামছে রাস্তায়। নাম রাখা হয়েছে 'শাইনিং'। রাত ৮টা থেকে ২টো পর্যন্ত তারা রাস্তায় থাকবে এই গাড়িগুলি। রাতে কর্মরত মহিলাদের কথা ভেবে এই উদ্যোগ বলে জানিয়েছেন সুপ্রমিত সরকার।
মমতার বার্তা
লালবাজারের এই দুই উদ্যোগ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'গত কয়েক বছর ধরে ধারাবাহিক ভাবে কলকাতা দেশের সবচেয়ে নিরাপদ শহরের তকমা পেয়ে আসছে। নতুন উদ্যোগগুলি সেই অবস্থানকেই এগিয়ে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস।' কলকাতা তুলনামূলক ভাবে মেয়েদের জন্য ‘নিরাপদ’ শহর বলে শাসকদল দাবি করলেও আরজি করের মতো ঘটনা প্রশাসনকে যথেষ্ট ধাক্কা দিয়েছিল। ফলত নয়া কমিশনার আসার পর লালবাজারের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই।