Kolkata Police : ১০ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধৃত কলকাতা পুলিশের সার্জেন্ট, গ্রেফতার

নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী অভিযান চালানো হয়। সেই সময় অভিযোগকারীর কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়ার মুহূর্তে হাতেনাতে ধরা পড়ে ওই সার্জেন্ট।

Advertisement
১০ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধৃত কলকাতা পুলিশের সার্জেন্ট, গ্রেফতার ধৃত কলকাতা পুলিশের সার্জেন্ট
হাইলাইটস
  • দুর্নীতি দমন শাখা সূত্রে খবর, কলকাতার এক বাসিন্দা এই মর্মে অভিযোগ দায়ের করেন
  • বেআইনিভাবে টাকা চাওয়ার বিষয়টি তিনি পশ্চিমবঙ্গ পুলিশের দুর্নীতি দমন শাখাকে জানান

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল কলকাতা পুলিশের এক সার্জেন্ট। সোমবার, ২৩ নভেম্বর, ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের দুর্নীতি দমন শাখা (ACB)। ধৃত পুলিশকর্মী এন্টালি থানায় কর্মরত ছিল। একটি অপরাধের মামলায় আটক গাড়ি ছেড়ে দেওয়ার বিনিময়ে ওই টাকা দাবি করেছিল সে। এমনটাই অভিযোগ।

দুর্নীতি দমন শাখা সূত্রে খবর, কলকাতার এক বাসিন্দা এই মর্মে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, একটি ফৌজদারি মামলার সঙ্গে যুক্ত থাকার কারণে তাঁর গাড়িটি এন্টালি থানায় আটক রাখা হয়েছিল। সেই গাড়ি ছেড়ে দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট ১০ হাজার টাকা ঘুষ চায়। বেআইনিভাবে টাকা চাওয়ার বিষয়টি তিনি পশ্চিমবঙ্গ পুলিশের দুর্নীতি দমন শাখাকে জানান।

এদিকে অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত পুলিশকর্মীকে ধরতে ফাঁদ পাতে ACB। সোমবার, ২৩ নভেম্বর, নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী অভিযান চালানো হয়। সেই সময় অভিযোগকারীর কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়ার মুহূর্তে হাতেনাতে ধরা পড়ে ওই সার্জেন্ট।

ACB-র তরফে জানানো হয়েছে, অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। আইনরক্ষকের বিরুদ্ধেই ঘুষ নেওয়ার অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। তবে তদন্তের পরই এই ঘটনার সমস্ত দিক স্পষ্ট হবে। 

POST A COMMENT
Advertisement