Kolkata Pub Controversy: কলকাতার পাবে গোমাংস পরিবেশনের অভিযোগ, গ্রেফতার ওয়েটার

Kolkata Pub Controversy: অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ২৯৯ ধারায় মামলা রুজু করা হয়। এরপর শনিবারই অভিযুক্ত ওয়েটার শেখ নাসিরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার তদন্ত চলছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
কলকাতার পাবে গোমাংস পরিবেশনের অভিযোগ, গ্রেফতার ওয়েটারসায়ক চক্রবর্তী

Kolkata Pub Controversy: কলকাতার পার্ক স্ট্রিটের একটি নামী পাব-রেস্তরাঁয় খাসির মাংসের বদলে গোমাংস পরিবেশনের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। শনিবার এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পাবে কর্মরত এক ওয়েটারকে। অভিযোগকারী অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী। ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই নড়েচড়ে বসে পুলিশ।

জানা গিয়েছে, শনিবার রাতে বন্ধুদের সঙ্গে পার্ক স্ট্রিটের জনপ্রিয় পাব ‘অলি’-তে যান সায়ক চক্রবর্তী। সেখানে তাঁরা খাসির স্টেক অর্ডার করেন। অভিযোগ, সেই অর্ডারের বদলে তাঁদের গোমাংস পরিবেশন করা হয়, যা তাঁরা প্রথমে বুঝতে পারেননি। পরে সন্দেহ হওয়ায় ওয়েটারকে প্রশ্ন করা হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সায়ক চক্রবর্তী ওয়েটারকে খাবার নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন। অভিযুক্ত ওয়েটার ভুল স্বীকার করে ক্ষমাও চান। কিন্তু সায়ক চক্রবর্তী ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি ব্রাহ্মণ এবং তাঁর সঙ্গে এমন ঘটনা কীভাবে ঘটতে পারে, তা নিয়েও প্রশ্ন তোলেন।

ঘটনার পর রেস্তরাঁর ম্যানেজারও ভুলের কথা স্বীকার করেন। তাঁর বক্তব্য, বিষয়টি অত্যন্ত গুরুতর এবং রেস্তরাঁর পক্ষ থেকে অভ্যন্তরীণ তদন্ত করা হচ্ছে। তবে ততক্ষণে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং বিতর্ক আরও বাড়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ২৯৯ ধারায় মামলা রুজু করা হয়। এরপর শনিবারই অভিযুক্ত ওয়েটার শেখ নাসিরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার তদন্ত চলছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় শহরের খাদ্যসংস্কৃতি, ধর্মীয় অনুভূতি এবং রেস্তরাঁগুলির দায়িত্ববোধ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। পার্ক স্ট্রিটের মতো এলাকায় এমন ঘটনা সামনে আসায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে প্রশাসন ও রেস্তরাঁ মহল।

 

POST A COMMENT
Advertisement