Kolkata Rain: শুক্রবারও প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে দুর্যোগ?

ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া চলে দীর্ঘক্ষণ। আর তার সঙ্গেই শুরু হয় জলযন্ত্রণা। শহরের উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই জল দাঁড়িয়ে যায়। শুক্রবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement
 শুক্রবারও প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে দুর্যোগ? কলকাতায় ভারী দুর্যোগ
হাইলাইটস
  • শুক্রবারও ভারী বৃষ্টির পূর্বাভাস
  • কলকাতা সহ জেলায় জেলায় দুর্যোগ
  • কতদিন পর্যন্ত এই আবহাওয়া চলবে?

বৃহস্পতিবার দুপুরের পর থেকে প্রবল দুর্যোগের সাক্ষী হয় শহরবাসী। ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া চলে দীর্ঘক্ষণ। আর তার সঙ্গেই শুরু হয় জলযন্ত্রণা। শহরের উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই জল দাঁড়িয়ে যায়। ঝড়ে উপড়ে পড়ে গাছ, ব্যাহত হয় যান চলাচল। রাতের পর থেকে বৃষ্টি কমলেও দুর্যোগ কাটেনি। শুক্রবারও সকাল থেকেই আকাশ মেঘলা। এদিনও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

কেমন থাকবে কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া? 
আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় কোনও পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিনও। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পরিস্থিতি তৈরি হবে। 

কোন কোন জেলায় বৃষ্টি? 
এদিন দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলায় এক বা দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। 

উইকএন্ডেও চলবে ঝড়বৃষ্টি
শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ২৮ জুন মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমান জেলায় একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

পাশাপাশি রবিবার  দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়তে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আগামী সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?
৩০ জুন ও ১ জুলাই অর্থাৎ সোম এবং মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বজায় থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া
অন্যদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি আরও বেশি উদ্বেগজনক। আগামী ১ জুলাই  পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। শুক্রবার আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এদিন। 

Advertisement

শনি ও রবিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। কিছু এলাকায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। 

সোম এবং মঙ্গলবারও পরিস্থিতির উন্নতি হওয়ার কোনও সম্ভাবনা নেই। 

ধসের আশঙ্কা 
আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী বৃষ্টির জেরে নিচু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ধস নামতে পারে। পাশাপাশি তিস্তা, তোর্সা, জলঢাকা ও রায়ডাক-সহ একাধিক নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

 

POST A COMMENT
Advertisement