ফাইল ছবিচড়া গরমে নাজেহাল বঙ্গ। দক্ষিণবঙ্গ তো বটেই গরম টের পাচ্ছে উত্তরবঙ্গও। তবে টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গে খুব বেশি তাপমাত্রা বাড়তে পারেনি। কিন্তু সকাল পেরোতেই রোদের তাপে রাস্তায় বার হওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ছে কলকাতাবাসীর জন্য। সঙ্গে অতিরিক্ত আর্দ্রতার জন্য ঘামের জেরেও নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। এমন পরিস্থিতিতে আজ আবহাওয়া কেমন থাকবে? জেনে নেওয়া যাক।
কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
আগামী ২৪ ঘণ্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি মিলতে পারে।
IMD-র পূর্বাভাস মোতাবেক, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। এদিন শহরের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ৬৩ শতাংশ থাকার সম্ভাবনা রয়েছে। গতকাল শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD। পূর্বাভাস অনুযায়ী, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে একাধিক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD। পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার এক বা দুই জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।