আজ কলকাতা সহ কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?প্রবল গরমের হাত থেকে স্বস্তি পেয়েছে শহর ও দক্ষিণবঙ্গ। শুক্রবার প্রায় দিনভর বৃষ্টিতে ভিজেছে কলকাতা। শনিবার সকাল থেকে বৃষ্টি না হলেও, বেলার দিকে ঝড়-বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। তবে শুধুমাত্র কলকাতা নয়, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতেও শনিবার ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য কমলা সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। আজ কলকাতা ও কোন জেলায় আবহাওয়া কেমন থাকতে পারে? জেনে নেওয়া যাক।
কলকাতার আবহাওয়ার পূর্বাভাস:
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। সেই সঙ্গে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে বলে সতর্ক করেছে IMD। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪.৮ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৪ ডিগ্রি কম রেকর্ড হয়েছে।
বৃষ্টির জেরে শহরের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। IMD-এর তথ্য অনুযায়ী, ১৮ জুন রাত ৮টা ৩০ মিনিট থেকে ১৯ জুন রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতায় ৫০.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া ১৯ জুন সকাল ৮টা ৩০ মিনিটের পর থেকে রাত পর্যন্ত ৪৮.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস:
দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টি ও বা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD। পূর্বাভাস অনুযায়ী, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলার অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও, পুরুলিয়া, নদিয়া, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং বাঁকুড়া জেলার এক বা দুই জায়গাতেও একই গতিবেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার এক বা দুই জায়গায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করেছে IMD।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস:
উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আগামী কয়েক ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD। পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার এক বা দুই জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও উত্তর দিনাজপুর জেলার এক বা দুই জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।