আজ কলকাতায় বৃষ্টি কখন হবে? রবিবার সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজছে শহর। তবে সোমবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ সামান্য বাড়তে পারে। হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, আজ সোমবার কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। আবার দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ডিগ্রি ও ২৩ ডিগ্রির আশেপাশে।
যদিও বৃষ্টির জেরে শহরের তাপমাত্রা বেশ কিছুটা নেমেছে। গতকাল, রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ২.৬ ডিগ্রি কম। অর্থাৎ স্বস্তিদায়ক আবহাওয়া ছিল শহরে। যদিও সর্বনিম্ন তাপমাত্রা ২.২ ডিগ্রি বেড়ে হয়েছে ২৩.৯ ডিগ্রি। গতকাল রাত সাড়ে ৮টা পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ০০২.৬ মিমি।
দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কী অবস্থা?
দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক বা দুটি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি, দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার এক বা দুটি জায়গায় ঝড়ো হাওয়ার (৪০-৫০ কিমি/ঘণ্টা) সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির ক্ষেত্রে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কী অবস্থা?
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার এক বা দুটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতেও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার উত্তরবঙ্গের সমস্ত জেলায় আংশিক ভাবে বজ্রপাত সহ ঝড়ো হাওয়া (৩০-৪০ কিমি/ঘণ্টা) বইতে পারে।