কৃষ্ণা চক্রবর্তী এবার বিধাননগর পুরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করলেন কৃষ্ণা চক্রবর্তী। ব্যক্তিগত কারণ দেখিয়ে বৃহস্পতিবার ইস্তফা দিলেন তিনি। মন্ত্রী অগ্নিমিত্রা পলকে মেনশন করে লেখা ইস্তফাপত্র এদিন তিনি সশরীরে গিয়ে বিধাননগরের পুর কমিশনারের হাতে জমা করেন। বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, কী কারণে এই সিদ্ধান্ত।
কৃষ্ণা চক্রবর্তী এদিন বলেন, 'সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমি নিজেকে কিছুটা সময় দেব, আমার ১৬ বছরের একটা ছেলে রয়েছে।' তবে তাঁর ঘোষণা, 'কাউন্সিলর পদে এখনও আছি। মানুষের জন্য কাজ করব। কাজ চালিয়ে যাব। যাঁরা রাজনীতি করেন, তাঁরা রাজনীতির বাইরে বেশিদিন থাকতে পারেন না। নিয়ম মেনে পদত্যাগ পত্র জমা দিয়েছি।'
মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ছায়াসঙ্গী তিনি। এই দুর্দিনেও তাঁকে মমতার পাশে দেখা যাচ্ছে। তবে দল ভেঙে যাওয়ার পর তাঁর মেয়র পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নানা জল্পনা তৈরি করেছে। কৃষ্ণা বলেন, 'আমার কারও প্রতি কোনও অভিমান নেই, বরং আমি সকলের প্রতি কৃতজ্ঞ। অনেক ভালোবাসা পেয়েছি।'
এদিকে, কৃষ্ণার পদত্যাগে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠে গিয়েছে, এবার তাহলে কি বিধাননগর পুরনিগমও তৃণমূলের হাতছাড়া হচ্ছে? একদিকে, দলে মহাবিদ্রোহ। মমতার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বিরোধী দলনেতা নির্বাচন। অন্যদিকে, একের পর এক পুর পদ থেকে পদত্যাগের হিড়িক। দুর্নীতি, তোলাবাজির অভিযোগে পরপর গ্রেফতারও হচ্ছেন কাউন্সিলররা। এমনকী কলকাতা পুরসভার মেয়রের পদ থেকে ফিরহাদ হাকিমও পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করায় তাতে নেত্রী মমতা সম্মতি দিয়েছেন বলে দাবি করেছেন বিধায়ক কুণাল ঘোষ। এই পরিস্থিতিতে বিধাননগরের মেয়রের পদ থেকে ইস্তফা চর্চা আরও বাড়িয়ে দিয়েছে।