Kunal Ghosh Egg: এবার ডিম 'খেলেন' কুণাল ঘোষ, একদম মমতার বাড়ির পাশেই

কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোনোর সময় তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ঘটনাকে ‘অসভ্যতা’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন কুণাল। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।

Advertisement
এবার ডিম 'খেলেন' কুণাল ঘোষ, একদম মমতার বাড়ির পাশেইতৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।
হাইলাইটস
  • এবার ডিম হামলার মুখে কুণাল ঘোষ। 
  • মমতার সঙ্গে সাক্ষাৎ করে বাড়ি থেকে বের হচ্ছিলেন কুণাল।
  • অভিযুক্ত ব্যক্তি চন্দন নামে পরিচিত বলে জানা গিয়েছে।

এবার ডিম হামলার মুখে কুণাল ঘোষ। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ডিম ছোড়া হল TMC বিধায়ককে। সোমবার সন্ধ্যায় মমতার সঙ্গে সাক্ষাৎ করে বাড়ি থেকে বের হচ্ছিলেন কুণাল। আচমকাই তাঁকে ডিম ছোড়া হয়।

এদিন সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়েছিলেন কুণাল। আচমকাই পিছন দিক থেকে এক ব্যক্তি তাঁর মাথা লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন। গোটা ঘটনাই সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে। প্রথমে দৃশ্যতই হতভম্ব হয়ে যান TMC বিধায়ক। তারপর ওই ব্যক্তিকে থামতে অনুরোধ করেন।

পরে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কুণাল বলেন, 'আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বের হচ্ছিলাম। সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য দাঁড়াতে হয়েছিল। সেই সময় পিছন থেকে এসে একটি ছেলে ডিম ছুড়ে মারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, যেখানে জেড ক্যাটাগরির নিরাপত্তা রয়েছে, সেখানে এমন ঘটনা ঘটল। এর সঙ্গে ক্ষোভের কোনও সম্পর্ক নেই। এটা অসভ্যতা।'

অভিযুক্ত ব্যক্তি চন্দন নামে পরিচিত বলে জানা গিয়েছে। সংবাদমাধ্যমের সামনে তিনি দাবি করেন, 'অনেক অত্যাচার করেছে। উনি ডিম খাওয়ারই যোগ্য।' তবে তাঁর এই অভিযোগের বিষয়ে কুণাল বা তৃণমূলের তরফে আলাদা করে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

রাজ্যে পালাবদলের পর থেকেই বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা বারবার সামনে এসেছে। সোনারপুরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল। এহেন আবহে এবার ডিম হামলার শিকার হলেন কুণাল ঘোষ। কালীঘাটে মমতার বাড়ির কাছে, হাই সিকিউরিটি জোনের মধ্যে এমন ঘটনা কীভাবে ঘটল, তা নিয়েও উঠছে প্রশ্ন।  

বিজেপির একাংশ এই ঘটনাগুলিকে জনরোষের বহিঃপ্রকাশ বলে দাবি করছে। গতকাল আসানসোলে মন্ত্রী অগ্নিমিত্রা পল কটাক্ষ করে বলেন, 'বাংলায় ডেমোক্রেসি নয়, ডিম-ও-ক্রেসি চলছে।' তৃণমূলের বক্তব্য, পরিকল্পিতভাবে দলের নেতাদের হেনস্থার চেষ্টা চলছে।   

POST A COMMENT
Advertisement