এনসিপিআই নিয়ে কুণালের দাবি।এনসিপিআইয়ের (NCPI) হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকার ভাগ নিয়ে কথা হয়েছে। এমনটাই অভিযোগ করলেন মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। তাঁর দাবি, এনসিপিআইয়ের গ্রুপে তিনিও রয়েছেন। সাংবাদিক হিসেবেই তাঁকে রাখা হয়েছিল বলে অ্যাডমিন জানিয়েছিলেন। পরে সেখানে কথাবার্তার স্ক্রিনশটও নিয়ে নেন। যদিও কারা টাকার ভাগ চাইছে, সে ব্যাপারে কিছু ভাঙতে চাননি কুণাল।
বুধবার সাংবাদিক বৈঠকে কুণাল বলেন,'এনসিপিআইয়ের কমিটি আর নকুলদানার ক্যাশ মেমো, দুটোই সমান। এনসিপিআই নামে আগে একটা দল ছিল। ওঁরা তো আমাকেও গ্রুপে যোগ করেছেন। আমিও আছি। সকালে দেখলাম গ্রুপে যোগ করা হয়েছে। অ্যাডমিনকে ফোন করলাম। বললাম, আমায় যোগ করলেন কেন? উনি বললেন, আমরা একটা শখের পার্টি তৈরি করেছিলাম। ওই সব বিষমাল সামলাতে পারব না। ঠেকাতে কিছু বুদ্ধি নেব। সেই থেকে আমি আছি। চাঞ্চল্যকর স্ক্রিনশটও রেখেছি। অনেকের প্রশ্ন আছে, যাঁরা আসছে, অনেক টাকা দিয়ে আসছে। আমরাও কি ভাগ পাব?'
নিশানায় এনসিপিআই-বিজেপি
এ দিন কাকলি-সুদীপদের এনসিপিআই-কে বিঁধে কুণাল বলেন,'এনসিপিআই বিজেপির আর একটা দোকান। এসব পচা-গলা জিনিসকে বাঁড়িতে ঢুকতে দিতে চাইছে না ওরা। আর একটা দোকান খুলে তাঁদের সেখানে রাখতে চাইছে। গোটাটাই বিজেপি। যাঁরা বলছেন, এনডিএর সঙ্গী, বিজেপির বন্ধু, মোদী-শাহের সঙ্গে ছবি তুলছেন, তাঁরা তো বিজেপিই'।
নন্দীগ্রামে প্রচারে দেব?
নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর প্রচারে যেতে পারেন দেব। এমনটাই শোনা যাচ্ছে। সূত্রের খবর, দেবের বাড়িতে গণেশপুজোয় গিয়ে তাঁকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে কুণাল বলেন,'দেবের বাড়িতে গণেশপুজোর দিন গিয়ে শুভেন্দু অধিকারী কোনও অনুরোধ করেছেন কিনা বলতে পারব না। উনি তৃণমূলের প্রতীকে জিতে সংসদে গিয়েছেন। এটা নায়কোচিত কাজ নয়, এগুলো ভিলেনের কাজ। দেব তো নায়কের ভূমিকায় অভিনয় করেন। আপনি ভিলেন হতে যাচ্ছেন কেন? শুভেন্দু অধিকারী অনুরোধ করলে না করা উচিত'।
জ্ঞানেশের অপসারণ দাবি
এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের অন্দরেই প্রশ্ন উঠেছে দাবি একটি সংবাদমাধ্যমের। ওই প্রসঙ্গ তুলে সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বাধীন তদন্ত দাবি করলেন কুণাল ঘোষ। তাঁর কথায়,'আগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অবিলম্বে অপসারণ করতে হবে। বাকিদের বক্তব্য, আপত্তি উড়িয়ে দিয়ে রাজনৈতিক নির্দেশনামা ছিল কিনা, সেটা দেখা উচিত। ভোটার তালিকা থেকে ভোটারদের বাদ রাখা হলে ভোটের বৈধতা থাকে না। এসআইআর প্রক্রিয়া দিয়ে অপকর্ম চলছিল, তা বন্ধ করতে হবে। এসআইআরের উপর দাঁড়িয়ে যে ক'টা নির্বাচন হয়েছে, সবগুলির বৈধতা থাকা উচিত নয়'।