আবহাওয়ার আপডেট ফের সক্রিয় হতে পারে বর্ষা। পূর্ব ও মধ্য ভারতের বিস্তীর্ণ অংশে নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। স্যাটেলাইট চিত্রে বঙ্গোপসাগরের উপর একটি সক্রিয় ওয়েদার সিস্টেম গড়ে উঠতে দেখা যাচ্ছে। আগামী ৭ থেকে ১০ দিন দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর নতুন করে সক্রিয় হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
বঙ্গোপসাগর থেকে পশ্চিম প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত একটি দীর্ঘ কনভারজেন্স জোন তৈরি হয়েছে। এই ধরনের কনভারজেন্স জোন সাধারণত ওয়েদার সিস্টেম তৈরির অনুকূল পরিবেশ তৈরি করে। এর ফলে জলীয় বাষ্পে ভরা বাতাস একত্রিত হয় এবং নিম্নচাপ ব্যবস্থা গড়ে ওঠার অনুকূল পরিস্থিতি তৈরি হয়। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ইতিমধ্যেই উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে।
কোন কোন জেলায় অ্যালার্ট?
রবিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। অতিভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু কিছু জায়গায়। বজ্রপাত সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। বইবে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
সোমবার ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়াতে। বজ্রপাত সহ ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে। বজ্রপাত সহ ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝড়বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়।
বুধবার হলুদ সতর্কতা জারি আছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়।
বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।
এদিকে, উত্তরবঙ্গে রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া বইবে ৩০-৪০ কিমি বেগে।
নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। তাই আগামী ৩১ অগাস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।