ফাইল ছবি।গরু আলিঙ্গন দিবস নিয়ে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভায় তিনি গরু আলিঙ্গন নিয়ে কেন্দ্রের বিজ্ঞপ্তির বিষয়ে কটাক্ষ করেন। গরু আলিঙ্গন করতে গেলে গরু যদি গুঁতিয়ে দেয়, সেই ক্ষতিপূরণও কেন্দ্রের দেওয়া উচিত বলে জানান তিনি।
এবারের ভ্যালেন্টাইন্স ডে-র দিনে 'গোমাতা'কে শ্রদ্ধা জানাতে অভূতপূর্ব পরিকল্পনা নিয়েছিল কেন্দ্রীয় সরকার। রীতিমতো কেন্দ্রের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছিল, ‘পশ্চিমী সংস্কৃতির আগ্ৰাসনে আমাদের বৈদিক সভ্যতা দিন দিন বিলুপ্তির পথে এগিয়ে চলেছে। গরুকে জড়িয়ে ধরলে শুধু ব্যক্তি নয়, গোটা সমাজই সুখী হবে। সমৃদ্ধ হবে আবেগ। তাই, গোমাতার উপকারের কথা মাথায় রেখে সমস্ত গরুপ্রেমীদের অনুরোধ করা হচ্ছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-এর পাশাপাশি কাউ হাগ ডে হিসেবে পালন করা হোক।’
ওই বিজ্ঞপ্তির পরই তীব্র সমালোচনা ও বিদ্রুপের মুখে সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেয় পর্ষদ। বিষয়টি নিয়ে বিধানসভায় সোমবার তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এদিন বিধানসভায় বক্তৃতা দেওয়ার সময়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বলছে ভ্যালেন্টাইন্স ডের দিন গরুকে আলিঙ্গন করতে হবে। কিন্তু গুঁতিয়ে দিলে কী হবে? আগে ১০ লক্ষ টাকার বিমা করে দাও তারপর বলো আলিঙ্গন করতে।’
সেইসঙ্গে মমতার বিদ্রুপ, ‘যার মাথা থেকে এটা বেরিয়েছে তার মাথাটা গবেষণা করার মতো। একেবারে ইন্টারন্যাশনাল ব্রেন। গরুকে আমরা সবাই ভালবাসি। তাই বলে এই!’
ফেব্রুয়ারি প্রেমের মরশুম। রোজ ডে, হাগ ডে থেকে শুরু করে অবশেষে প্রেমের দিন অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে। কিন্তু সেই প্রেমের গোলাপের মাঝে যেন এক টুকরো কাটা হয়ে ছিল জাতীয় পশুকল্যাণ বোর্ডের একটি বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে জানানো হয় ১৪ ফেব্রুয়ারিকে ভালোবাসার দিন হিসেবে পালন না করে পালন করা হোক ‘গো আলিঙ্গন দিবস’ (Cow Hug) হিসেবে।
বিজ্ঞপ্তি প্রকাশ পেতেই শুরু হয় বিতর্ক। টুইটার, ফেসবুক সহ সমস্ত সোশ্যাল মিডিয়ায় চলতে থাকে তীব্র কটাক্ষ। অবশেষে সেই বিতর্কিত নোটিশটি প্রত্যাহার করল জাতীয় পশুকল্যাণ দপ্তর। বিষয়টিতে এদিন কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রীও। আগেও এই ইস্যুতে বিরোধীরা কেন্দ্রের শাসক দল বিজেপিকে নিশানা করে তীব্র কটাক্ষ করেছে। পশুকল্যাণ দপ্তর ওই বিতর্কিত নোটিশ প্রত্যাহার করলেও বিতর্ক থামছে না।
আরও পড়ুন- Cow Hug Day: গরুকে জড়িয়ে ধরার বহু উপকারিতা, যদি গরুও রাজি থাকে, কীভাবে বুঝবেন?