Mamata Banerjee: 'তোমারেই যেন ভালোবাসিয়াছি...' প্রেম দিবসে মমতার পোস্ট, বোঝালেন, 'ভালোবাসা কারে কয়?'

উদযাপিত হচ্ছে প্রেমদিবস। পৃথিবীর প্রায় সমস্ত প্রান্তেই নিজের ভালোবাসার মানুষের সঙ্গে সেলিব্রেট করেন সকলে। ভালোবাসা যেন হয় সমস্ত জাতি, ধর্ম কিংবা বর্ণের ঊর্ধ্বে, সে কথাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের লাইন উদৃত করে ব্যাখ্যা করলেন, 'ভালোবাসা কারে কয়।'

Advertisement
 'তোমারেই যেন ভালোবাসিয়াছি...' প্রেম দিবসে মমতার পোস্ট, বোঝালেন, 'ভালোবাসা কারে কয়?'মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • ভ্যালেন্টাইন্স ডে-তে সকলকে শুভেচ্ছা জানালেন মমতা
  • লিখলেন,'ভালোবাসা দীর্ঘজীবী হোক'
  • রবীন্দ্রনাথের লাইন ব্যাখ্যা করে বোঝালেন ভালোবাসার মানে

ভালোবাসার জোরেই জনসেবা করেন, ভালোবাসাই তাঁকে ন্যায়ের জন্য লড়াই করার অনুপ্রেরণা জোগায়। প্রেমদিবসে এভাবেই ভালোবাসা উদযাপনের কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে পোস্ট করে শনিবার সকলকে ভ্যালেন্টাইন্স ডে-র শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বলেছেন, 'ভালোবাসা দীর্ঘজীবী হোক।'

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন উদৃত করে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝান, 'ভালোবাসা কারে কয়।' তিনি এক্স হ্যান্ডলে এদিন লেখেন, 'তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার।' তাঁর সংযোজন, 'ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা উদযাপনের দিন। ভালোবাসাকে যে কোনও রূপে, যে কোনও প্রকারে উদযাপন করা হয় এ দিন। মন খুলে, পবিত্র ভাবে ভালোবাসা উদযাপন করা উচিত। ভালোবাসা সমস্ত জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে।'

তাঁর জীবনে ভালোবাসার মাহাত্ম কোথায়? সেটাও ব্যাখ্যা করেছেন মমতা। তিনি বলেন, 'জনসেবা করার জন্য ভালোবাসাই আমার অনুপ্রেরণা জুগিয়েছে। মানুষের প্রতি আমার ভালোবাসার জন্যই সমস্ত ঝড়-ঝঞ্ঝার ধৈর্য ধরে মোকাবিলা করতে পারি। এই ভালোবাসার জোরেই ধৈর্য ধরে সব শুনি, সাহসের সঙ্গে ন্যায় ও সম্মানের জন্য লড়াই করতে পারি।' সবশেষে মমতা বলেন, 'ভালোবাসা দীর্ঘজীবী হোক।'

সাধারণত প্রেমদিবসে এমন ধরনের বার্তা রাজনীতিবিদদের খুব একটা করতে দেখা যায় না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই অন্য রাজনীতিবিদদের থেকে আলাদা হিসেবে নজর কাড়েন। তাঁর সাদামাটা জীবনযাপন, হাওয়াই চটি, গানবাজনা, লেখালেখি ও ছবি আঁকা নিয়ে প্রায়শই চর্চা হয়। যদিও BJP সমর্থকরা মনে করছেন মুখ্যমন্ত্রীর এই বিশুদ্ধ ভালবাসার ব্যাখ্যা দেওয়ার আড়ালে রাজনীতিই রয়েছে। ভোটের আগে তরুণ প্রজন্মের সমর্থন পেতেই ভ্যালেন্টাইন্স ডে-তে এমন পোস্ট তাঁর, কটাক্ষ গেরুয়াপন্থীদের। 

 

POST A COMMENT
Advertisement