বজবজে বিস্ফোরণ গ্যারাজে বিস্ফোরণ। যার জেরে প্রাণ গেল একজনের। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বজবজ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ময়লা ডিপো এলাকার। বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিট নাগাদ ওই গ্যারাজে বিস্ফোরণ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা সেখ নিজাম উদ্দিনের একটি গ্যারাজে তেল কোম্পানির একটি ট্যাঙ্কার গাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে ঝালাইয়ের কাজ চলছিল। সেই সময় হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় গ্যারেজের টিনের ছাউনি উড়ে যায়।
এই ঘটনায় দুই ব্যক্তি গুরুতর জখম হন। খবর পেয়ে বজবজ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। বজবজের ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে তাঁদের নিয়ে যাওয়া যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আহতদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহত ব্যক্তির চিকিৎসা চলছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই গ্যারেজে প্রায়ই বড় বড় গাড়ির মেরামতির কাজ হয়। তবে ট্যাঙ্কার গাড়িতে ঝালাইয়ের মতো ঝুঁকিপূর্ণ কাজ করার সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই মনে করছেন, অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে এবং কী কারণে বিস্ফোরণ ঘটল তা জানার জন্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে ফরেনসিক বিশেষজ্ঞদেরও ডাকা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পাশাপাশি গ্যারেজের মালিক ও সংশ্লিষ্ট কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
এই মর্মান্তিক ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে কঠোর নিরাপত্তা বিধি মেনে চলার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।