Bus Conductor attacked: বাস ভাড়া নিয়ে বচসা, খাস কলকাতায় কন্ডাক্টরকে কোপাল ৫ যুবক

Kolkata Bus Fare: শহর কলকাতায় ভয়াবহ ঘটনা। ভর সন্ধেবেলা বাসে উঠে কন্ডাক্টরকে ছুরি দিয়ে কোপাল ৫ যুবক। EM বাইপাসে VIP বাসস্ট্যান্ডের কাছে এহেন ঘটনা ঘটেছে।

Advertisement
বাস ভাড়া নিয়ে বচসা, খাস কলকাতায় কন্ডাক্টরকে কোপাল ৫ যুবকখাস কলকাতায় কন্ডাক্টরকে কোপাল ৫ যুবক
হাইলাইটস
  • বাসভাড়া নিয়ে বচসার জেরে বাসের কন্ডাক্টরকে কোপাল ৫ যুবক।
  • খাস কলকাতায় একেবারে বাইপাসের উপর ঘটেছে এই ঘটনা।
  • অভিযুক্তদের খোঁজ পেতে এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

বাসভাড়া নিয়ে বচসার জেরে বাসের কন্ডাক্টরকে কোপাল ৫ যুবক। খাস কলকাতায় একেবারে বাইপাসের উপর ঘটেছে এই ঘটনা। মঙ্গলবার পুলিশ এই ঘটনার কথা জানিয়েছে। আহত কন্ডাক্টরের নাম দীপক মণ্ডল। হামলার জেরে তাঁর পেট ও হাতে একাধিক আঘাত লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনায় ইতিমধ্যেই গতি ময়দান থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের খোঁজ পেতে এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

ঠিক কী ঘটনা ঘটেছে?

রবিবার EM বাইপাসে VIP বাসস্টপের কাছে এই হামলার ঘটনা ঘটে। জানা গিয়েছে, ওই দিন বিকালে রাজাবাজার ডিপোর T-10 রুটের একটি বাস নিয়ে মালঞ্চের দিকে যাচ্ছিলেন বাস কন্ডাক্টর দীপক।  বিকেল সাড়ে ৩টে নাগাদ VIP বাসস্টপ থেকে তিন মহিলা ওই বাসে ওঠেন। প্রাথমিক ভাবে খবর, তাঁদের বাড়ি পশ্চিমবঙ্গের বাইরে। 

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বাস কিছুটা এগোনোর পর দীপক ওই তিন মহিলার কাছে ভাড়া চান। কিন্তু মহিলারা ভাড়া দিতে অস্বীকার করেন বলে অভিযোগ। এরপর রাজ্য সরকারের মহিলাদের জন্য ফ্রি-তে বাসে যাতায়াতের প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্যতা হিসেবে মহিলাদের পরিচয়পত্র দেখাতে বলেন কন্ডাক্টর। আর এই নিয়েই শুরু হয় তরজা।  অভিযোগ, টিকিট কাটার কথা বলায় তাঁদের মধ্যে এক মহিলা দীপককে চড়ও মারেন। এরপর ঘটকপুকুরের কাছে বাস থেকে নেমে যান ওই তিন মহিলা

কিন্তু এখানেই ঝামেলার শেষ নয়, বরং শুরু ছিল। পুলিশের দাবি, রাত ৮টা নাগাদ যাত্রী নিয়ে ওই রুট দিয়েই বাসটি ফেরার সময় সেই VIP বাসস্টপের কাছে ৫ জন যুবক বাস আটকে দেয়। অভিযোগ, প্রথমে ওই যুবকেরা বাসের চালককে গালিগালাজ করে। এরপর তাদের মধ্যে একজন বাসে উঠে ধারালো ছুরি দিয়ে একাধিকবার দীপকের উপর কোপ বসায়। রক্তাক্ত অবস্থায় বাসের মধ্যেই লুটিয়ে পড়েন কন্ডাক্টর। ব্যাপার বুঝে অন্য যাত্রীরা বাধা দিতে এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Advertisement

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, খুনের চেষ্টার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এলাকার CCTV ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত করার পাশাপাশি ঘটনার সম্পূর্ণ তথ্য জানার চেষ্টাও চলছে। 

অন্যদিকে আহত বাস কন্ডাক্টরের অবস্থা আশঙ্কাজনক। তাঁর পেটে ও হাতে গুরুতর আঘাত লেগেছে। হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে যান পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তাঁকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। আপাতত দীপক মণ্ডলকে স-বেতন ছুটি দেওয়া হয়েছে। পুরোপুরি সুস্থ হলে তিনি আবার কাজে যোগ দিতে পারবেন। 

উল্লেখ্য, সম্প্রতি রাজ্য সরকার মহিলাদের জন্য বিনামূল্যে বাসে যাতায়াতের সুবিধা চালু করেছে। তবে এই সুবিধা পেতে হলে বৈধ পরিচয়পত্রের মাধ্যমে পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে নিজের পরিচয় প্রমাণ করতে হবে। রাজ্যের বাইরের মহিলাদের ক্ষেত্রে বর্তমানে বাসের টিকিট কাটা বাধ্যতামূলক।

 

POST A COMMENT
Advertisement