দিলীপ ঘোষ৫ দিনের মধ্যে দ্বিতীয়বার বাড়ল তেলের দাম। আজ, মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম বাড়ল ৯০ পয়সা। পাশাপাশি ডিজেলের দামও ৯০ পয়সা ঊর্ধ্বমুখী। আর এই বিষয়টা নিয়েই মুখ খুলছেন বিজেপি নেতা তথা পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর মতে, পেট্রোল ও ডিজেল নিয়ে গোটা বিশ্বেই সঙ্কট তৈরি হয়েছে। যুদ্ধের কারণে বাড়ছে দাম। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষকে এর প্রভাব থেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন। তারপরও তেল সংস্থাগুলির কোটি কোটি টাকার হচ্ছে ক্ষতি। সেই কারণেই বাধ্য হয়ে জ্বালানির দাম বাড়তে শুরু করেছে।
আজ সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, 'সারা পৃথিবীতে তেলের সঙ্কট রয়েছে। যুদ্ধের জন্য বেড়ে রয়েছে দাম। মাননীয় প্রধানমন্ত্রী যতটা সম্ভব মানুষের উপর চাপ কমানোর চেষ্টা করেছেন। কিন্তু আমাদের তেলের কোম্পানিগুলির অবস্থা খারাপ। তাদের লক্ষ কোটি টাকার ক্ষতি হয়ে গিয়েছে। তাই দাম যতটা কম বাড়ানো যেত, ঠিক ততটাই বাড়ানো হয়েছে।'
এখানেই থেমে না থেকে সাধারণ মানুষকে তেল ব্যবহার কমানোর পরামর্শ দেন তিনি। এই প্রসঙ্গে দিলীপ বলেন,'আগেই প্রধানমন্ত্রী বলেছিলেন যে তেল খরচ কমান। বিনা প্রয়োজনে গাড়ি ব্যবহার করবেন না। আমাদের নেতা-মন্ত্রীরাও কনভয়ে গাড়ির সংখ্যা কমিয়ে দিয়েছেন। সবাইকে দেশের জন্য কিছুটা অ্যাডজাস্ট করতে হবে। সারা দুনিয়াই সঙ্কটে রয়েছে। আমরাও তার মধ্যেই ফেঁসে গিয়েছি।'
অর্থাৎ বার্তা স্পষ্ট, তেলের দাম এহেন বাড়ার নেপথ্যে কেন্দ্রের মোদী সরকারের কোনও দোষ নেই। এই দাম বৃদ্ধি হচ্ছে আন্তর্জাতিক সঙ্কটের জন্যই। সাধারণ মানুষকে দেশের জন্যই দাম বৃদ্ধির সঙ্গে মানিয়ে নিতে হবে।
আজ তেলের দাম কত?
নয়াদিল্লি: দেশের রাজধানী নয়াদিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৮৭ পয়সা বেড়েছে। এর দাম হয়েছে ৯৮.৬৪ টাকা। ডিজেলের দাম ৯১ পয়সা বেড়ে হয়েছে ৯১.৫৮ টাকা।
মুম্বই: আজ বাণিজ্য নগরী মুম্বইতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯১ পয়সা বেড়েছে। হয়েছে ১০৭.৫৯ টাকা। অন্যদিকে ডিজেলের দাম ৯৪ পয়সা বৃদ্ধি পেয়ে নতুন দর হয়েছে ৯৪.০৮ টাকা।
চেন্নাই: চেন্নাইতে পেট্রোলের দাম ৮২ পয়সা বেড়েছে। এটি পৌঁছে গিয়েছে ১০৪.৪৯ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ৮৬ পয়সা বেড়ে হয়েছে ৯৬.১১ টাকা।