মমতার বিরুদ্ধে অবশ্যই FIR হওয়ায় উচিত, দাবি মন্ত্রী দিলীপ ঘোষেরবৃহস্পতিবার ফের একবার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা TMC নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। মমতার বিরুদ্ধে দায়ের হওয়া FIR প্রসঙ্গে এদিন আরও একধাপ সুর চড়ালেন রাজ্যের পঞ্চায়েত ও প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রী।
এদিন দিলীপ ঘোষ বলেন, "মমতা বন্দ্য়োপাধ্যায়, তাঁর মন্ত্রী, দলের নেতাদের বিরুদ্ধে অবশ্যই FIR হওয়া উচিত। হিন্দু ধর্ম, দেশ, সংবিধান এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ আমাদের জাতীয় নেতৃত্বের বিরুদ্ধে যেভাবে অবমাননাকর মন্তব্য করা হয়েছে, তার জন্য FIR দায়ের করা উচিত। এই বিষয়ে জনগণের পক্ষ থেকে অভিযোগ আসা উচিত। সব সীমা পার হয়ে গিয়েছিল। মানুষ হতাশ হয়ে ভাবছিল, কাদের ক্ষমতায় এনেছিল। এদের সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।"
ইদ পালন নিয়ে বার্তা দিলেন দিলীপ ঘোষ
এদিন ইদ পালন নিয়েও বার্তা দিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, "সকলেরই নিজেদের উৎসব পালন করার অধিকার রয়েছে। কিন্তু তা যেন অন্যদের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে, যে কেউ উদযাপনের জন্য জায়গার আবেদন নিয়ে পুলিশের কাছে যেতে পারবে এবং পুলিশই সিদ্ধান্ত নেবে, কখন ও কোথায় উৎসব পালন করা যাবে। এই ইদে ব্রিগেড গ্রাউন্ডে জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এটা অনেক বড় জায়গা, ওখানে অনুষ্ঠান পালন করুন। রাস্তায় পালন করা চলবে না।"
অনুপ্রবেশ নিয়ে কী বললেন মন্ত্রী?
পশ্চিমবঙ্গে বিদেশি অনুপ্রবেশ নিয়েও এদিন সুর চড়ান দিলীপ ঘোষ। তিনি বলেন, "বিদেশিদের ডাকা হয়েছিল, সরকারি সুবিধা দেওয়া হয়েছিল, ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্রও দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনA বিদেশিকে কোনও সরকারি সুবিধা দেওয়া হবে না বা থাকতে দেওয়া হবে না... আমরা আশা করি যারা এখানে অবৈধভাবে এসেছে তাঁরা তাঁদের নিজেদের দেশে ফিরে যাবে। তাঁদের সব সরকারি সুবিধা ভোগ করা বন্ধ করা হবে... TMC অবৈধ বাংলাদেশিদের জন্য অবৈধ কাগজপত্র তৈরি করেছিল, তাদের সবাইকে এখন ফিরে যেতে হবে।"