মোদীর ব্রিগেডে আসছেন কাতারে কাতারে সমর্থকআজ শনিবার দুপুরে ব্রিগেডে সভা করবেন PM নরেন্দ্র মোদী। সকাল থেকেই বাস, ট্রেনে করে কাতারে কাতারে লোক হাজির হচ্ছেন ব্রিগেড গ্রাউন্ডে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা কর্মীরা ভোর থেকেই স্টেশন এলাকায় জমায়েত করতে শুরু করেছেন। জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বহু কর্মী-সমর্থক ইতিমধ্যেই ট্রেনে চেপে কলকাতায় পৌঁছে গিয়েছেন। কলকাতা ও শহরতলি এলাকা থেকে বাসে করে পৌঁছাচ্ছেন বহু মানুষ। তাঁদের দুপুরে খাবারের আয়োজন করা হয়েছে ব্রিগেড-এর মাঠেই।
মেনুতে কী কী থাকছে?
জানা গিয়েছে, এবারেও বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। মেনুতে রয়েছে ভাত, ডাল ও সবজি। যারা মোদীর সভায় আসবেন, সভা শেষে তাঁদের খাবার খাইয়ে গাড়ি বা ট্রেনে করে ফেরত পাঠানো হবে। দূরদূরান্ত থেকে আসা কর্মীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর।
ভোটের আগে প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ নিয়ে স্বভাবতই উদ্দীপনা তুঙ্গে বিজেপি সমর্থকদের। মোদীর মঞ্চ সজ্জাতে রাখা হয়েছে অভিনবত্ব। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলেই মঞ্চটি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। কোচবিহারের রাজবাড়ির ছবি থেকে শুরু করে বাঁকুড়ার বিখ্যাত টেরাকোটার ঘোড়া এবং উত্তরবঙ্গের জঙ্গলের দৃশ্য থাকবে। পশ্চিবঙ্গের বিভিন্ন প্রান্তের ১২ জন শিল্পী মিলেই এই মঞ্চ সাজিয়ে তুলছেন বলে খবর।
জানা গিয়েছে, এদিন দুপুরে জনসভা করার আগে একটি প্রশাসনিক অনুষ্ঠান করবেন মোদী। আজ প্রায় ১৮,৬৮০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা প্রধানমন্ত্রী মোদীর। তার মধ্যে রয়েছে রেলের একাধিক প্রকল্প। পূর্ব রেল নিয়ে একাধিক ঘোষণা করার কথা মোদীর। আজ পুরুলিয়া– আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন। এই ট্রেন পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং দিল্লির মধ্যে যোগাযোগ স্থাপন করবে। অর্থাৎ পুরুলিয়া থেকে ওই সব রাজ্যগুলোর মধ্যে সংযোগ স্থাপন করবে এই এক্সপ্রেস।
অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ছয়টি পুনর্নির্মিত রেলস্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেই স্টেশনগুলো হল, কামাখ্যাগুড়ি রেলওয়ে স্টেশন (Kamakhyaguri railway station), আনারা রেলওয়ে স্টেশন (Anara railway station), তমলুক রেলওয়ে স্টেশন (Tamluk railway station), হলদিয়া রেলওয়ে স্টেশন (Haldia railway station), বারাসত রেলওয়ে স্টেশন (Barasat railway station) এবং সিউড়ি রেলওয়ে স্টেশন (Suri railway station)। এছাড়া দেশের উদ্দেশে দুটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্পও উৎসর্গ করা হবে। এর মধ্যে রয়েছে বেলদা রেলওয়ে স্টেশন (Belda railway station) থেকে দাঁতন (Dantan railway station) পর্যন্ত ১৬ কিলোমিটার দীর্ঘ তৃতীয় রেললাইন এবং কালিকুঁদ (Kalikund railway station) থেকে মহিষাদল (Mahishadal railway station) পর্যন্ত স্বয়ংক্রিয় ব্লক সিগন্যালিং ব্যবস্থা।