পশ্চিমবঙ্গ বর্ষা বিদায় কবে? (ছবি: পিক্সেলস)দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে বর্ষা বিদায় প্রক্রিয়া। তবে পুজোর মুখে এখনও পশ্চিমবঙ্গে বর্ষা খেলা দেখাচ্ছে। রোজই নিয়ম করে ভিজছে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলা। এমন পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, ঠিক কতদিন চলবে বৃষ্টি? বর্ষা বিদায় প্রক্রিয়ার অনুকূল পরিস্থিতি শুরু হবে কবে? আর এই বিষয়টা নিয়ে মুখ খুলেছে আবহাওয়া দফতর। তাদের স্পষ্ট বক্তব্য, আগামী দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।
কলকাতার আবহাওয়ার কী হবে?
রাজ্যের রাজধানী কলকাতা এখন পুরো ফেস্টিভ মুডে। চলছে কেনাকাটা। পুরো দমে এগিয়ে যাচ্ছে প্যান্ডেল তৈরির কাজ। আর এমন পরিস্থিতিতে ভাল খবর হল, দুর্গাপুজোর আগে কলকাতায় খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থাকতে পারে। মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। যার জন্য জনজীবনে খুব একটা প্রভাব পড়বে না বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
দক্ষিণবঙ্গে কী হবে?
সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও প্রবল। আর এমন আবহওয়া পরিস্থিতিতে বুধবার পর্যন্ত চলতে পারে।
জানা যাচ্ছে, সোম, মঙ্গল ও বুধ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। যদিও ভারী বৃষ্টির কোনও সতর্কতা জারি করা হয়নি। যার ফলে পুজোর আগে তেমন একটা সঙ্কট তৈরি হবে না বলেই আশা করা যায়।
দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় ঠিক কবে?
আগামী ২ থেকে ৩ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর দক্ষিণবঙ্গ থেকে ধীরে ধীরে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হবে বলে খবর মিলছে। যতদূর খবর, বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বুধের পর বাংলা থেকে বর্ষা বিদায় নেওয়ার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। যদিও আবহাওয়া ভীষণই পরিবর্তনশীল একটা বিষয়। এই পূর্বাভাস যে কোনও সময় বদলে যেতে পারে।
উত্তরবঙ্গ থেকে বর্ষা পাততাড়ি গোটাবে কবে?
দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গ থেকেও এবার যাবে যাবে করছে বর্ষা। যদিও আগামী কয়েক দিন উত্তরের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। এই সময় দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে ডুয়ার্স, জলপাইগুড়ি, কোচবিহারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝড়।
যদিও খুব শীঘ্রই এই পরিস্থিতি থেকে মিলবে মুক্তি। বর্ষা পাততাড়ি গুটিয়ে চলে যাবে বলেই খবর মিলছে।