মালা রায়কে ঘিরে বিক্ষোভবিক্ষোভের মুখে দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়। ছটপুজো উপলক্ষে নিজের কেন্দ্র টালিগঞ্জে পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। বিগত ১৫ বছর ধরে এলাকায় অত্যাচার চালানো এবং সাধারণ মানুষকে যথাযথ পরিষেবা থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে সরব হন স্থানীয়রা।
টালিগঞ্জে তাঁকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান দেন একদল বিক্ষোভকারী। এসবের পরেও মালা রায় অবশ্য ঘটনাস্থলেই ঠায় বসে থাকেন। মালা রায় জানান, তিনি সেখান থেকে সরবেন না। এলাকায় দখলদারির রাজনীতি চলছে বলেও দাবি করেন সাংসদ।
এদিকে সাংসদের বিরুদ্ধে ছটপুজো পালনে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা। এদিন মালা রায়কে লক্ষ্য করে বিক্ষোভকারীরা ‘চোর’ স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়।
বিক্ষোভকারীদের একাংশের বক্তব্য, ছট পুজোর প্রস্তুতি শান্তিপূর্ণ ভাবে চলছিল। মালা সেখানে গিয়ে বাধা দিয়েছেন। একটি মাঠে কৃত্রিম জলাশয় তৈরি করে ছট পুজোর আয়োজন করা হয়েছে। সেখানে পৌঁছোতেই সাংসদকে ঘিরে বিক্ষোভ জোরালো হয়। অনেকে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। বিক্ষোভকারীদের দাবি, তাঁরা এলাকার পুরনো বিজেপি কর্মী। মালা তৃণমূলে থাকাকালীন রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁদের উপর অত্যাচার করেছেন। সেই কারণেই এই বিক্ষোভ।
প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের বেশকিছু সাংসদ এনসিপিআই-তে যোগ দেন। যারমধ্যে রয়েছেন মালা রায়ও। ওই দল বর্তমানে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিক। এদিন বিক্ষোভকারীদের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন মালা নিজে। তিনি ৮৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। নিজের ওয়ার্ডের ১৭ নম্বর মাঠে প্রতিবছরই ছটপুজো পরিদর্শনে যান। সাংসদ জানিয়েছেন, সরকারি মাঠে সকলে আসতে পারেন। তিনিও পুজোর ব্যবস্থাপনা খতিয়ে দেখতে এসেছেন। তাঁর বিরুদ্ধে কোনও থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলেও জানিয়েছেন সাংসদ।
মালা রায়ের বক্তব্য, ‘কেন বিক্ষোভ দেখানো হচ্ছে আমি জানি না। প্রশাসন বা পুরসভাও কিছু জানে না। তবে আমি কখনও অন্যায় অত্যাচারের রাজনীতি করিনি। এলাকার মানুষ সেটা জানেন। এই মাঠ দখল হয়ে যাচ্ছিল। দখলদারির হাত থেকে আমরা বাঁচিয়েছি। এখন এলাকা অশান্ত করার চেষ্টা চলছে।’