দমদম বিমানবন্দর থেকে সরছে বাঁকড়া মসজিদ?নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে অবস্থিত ১৩০ বছরেরও বেশি পুরনো গৌরীপুর জামা মসজিদে শনিবার থেকে শুরু করে তিন দিনের জন্য নমাজ স্থগিত করা হয়েছে। মসজিদটির সংস্কার কাজের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এক আধিকারিক জানিয়েছেন। এই মসজিদটি, যা বাঁকড়া মসজিদ নামেও পরিচিত, দমদম বিমান বন্দরের দ্বিতীয় রানওয়ে থেকে কয়েকশ মিটার দূরে অবস্থিত।
ওই আধিকারিক পিটিআইকে বলেন, 'মসজিদটিতে দুই থেকে তিন দিন ধরে নির্মাণ কাজ চলবে। এই কারণে, এই সময়ে নামাজের জন্য মসজিদে প্রবেশ স্থগিত রাখা হয়েছে।' বিজেপির দমদম উত্তরের বিধায়ক সৌরভ শিকদার অভিযোগ করেছেন, বিমানবন্দর চত্বরের মধ্যে মসজিদটির উপস্থিতির কারণে দুটি রানওয়ের পূর্ণ ব্যবহার ব্যাহত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি আরও দাবি করেন যারা এখানে নমাজ পড়তে আসেন, তাদের জন্য বিমানবন্দর পাস বা পরিচয় যাচাইয়ের প্রয়োজন হয় না। তিনি পিটিআইকে বলেন, 'বিমানবন্দর একটি সুরক্ষিত এলাকা। বিমানবন্দরে প্রবেশকারী প্রত্যেক ব্যক্তিকে ছবিসহ একটি বায়োমেট্রিক পাস সংগ্রহ করতে হয়। এই মসজিদটি সর্বোচ্চ নিরাপত্তা এলাকা, যা লেভেল ৩ নামে পরিচিত, সেখানে অবস্থিত।' বিধায়ক বলেন, এই বিমানবন্দরটি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীসহ ভিভিআইপিদের যাতায়াতের পাশাপাশি প্রতি মাসে লক্ষ লক্ষ যাত্রীর চলাচল সামাল দেয়। তিনি বলেন, তাঁর দল কর্তৃপক্ষের কাছে বিষয়টি উত্থাপন করেছে এবং দাবি করেছে যে বিদ্যমান ব্যবস্থাটি একটি সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে।
তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলাকালীন মসজিদে নমাজ স্থগিত করার কোনও প্রয়োজন ছিল না। সিদ্দিকুল্লাহ চৌধুরী পিটিআইকে বলেন, 'মসজিদটি ১৩৫ বছরেরও বেশি পুরনো এবং এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আমরা যেকোনও সৌহার্দ্যপূর্ণ সমাধানের জন্য প্রস্তুত এবং নমাজের জন্য প্রবেশ বন্ধ করার কোনও প্রয়োজন ছিল না।'
শনিবার সকালে ওই এলাকায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সৌরভ শিকদার। তিনি স্থানীয়দের সঙ্গে এই বিষয় নিয়ে কথাও বলেন। পরবর্তীতে বিধায়ক জানিয়েছেন, নমাজ পড়তে আসা বেশিরভাগ মানুষই এই পদক্ষেপে রাজি হয়েছেন। বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টিও এক্ষেত্রে ভাবা হচ্ছে। শুধু তাই নয়, এই বিষয়ে যাতে কোনওরকম প্ররোচনা না দেওয়া হয়, সেই অনুরোধও বিধায়ক করেছেন। প্রসঙ্গত, ১৩৬ বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদ ‘বাঁকড়া মসজিদ’ নামে পরিচিত। বিমানবন্দরের মধ্যেই ওই মসজিদ রয়েছে। দীর্ঘ সময় ধরে ওই মসজিদ স্থানান্তর নিয়ে চর্চা চলছিল। দমদম বিমানবন্দরে দুটি রানওয়ে রয়েছে। প্রধান (বড়) রানওয়েটি দিয়ে বিমান ওঠানামা হয়। দ্বিতীয় রানওয়েটি আকারে ছোট। ওই রানওয়েটির ঢিলছোড়া দূরত্বে এই মসজিদ রয়েছে। প্রথম রানওয়ে রক্ষণাবেক্ষণের জন্য সাময়িক বন্ধ থাকলে বড় বিমান ওঠানামার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, বলে মত বিশেষজ্ঞদের। ওই মসজিদের কারণে বিমান ওঠানামার ক্ষেত্রেও ঝুঁকি থাকে বলে মত বিমানবন্দরের আধিকারিকদের। দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণের কাজও থমকে। বেশ কয়েক দশক ধরে ওই মসজিদ সরানো নিয়ে চর্চা, আলোচনা হয়েছে। কিন্তু এই বিষয়ে কোনও স্থির সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি এতদিন।
উল্লেখ্য, বিরাটি পরবর্তী বাঁকড়া এলাকায় উল্টোদিকের একটি পথ দিয়েই এই মসজিদে যেতে হত। দীর্ঘদিন ধরেই নিরাপত্তার কারণে প্রশ্নের মুখে ছিল গৌরীপুর জামে মসজিদ। উত্তর ২৪ পরগনার জেলা শাসকের দফতরের বিধায়ক আর মসজিদ কমিটির সদস্যদের নিয়ে এ বিষয়ে একটি বৈঠক হয়েছে।দীর্ঘদিন ধরেই এই মসজিদটি নিয়ে উদ্বেগে রয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষও ৷ বিগত বাম আমলের ৩৪ বছর ও তৃণমূল সরকারের ১৫ বছরের কথা উল্লেখ করে বিধায়ক সৌরভ শিকদার বলেন, 'শুধুমাত্র তোষণের রাজনীতি এবং একটি বিশেষ সম্প্রদায়কে খুশি রাখার জন্য এতদিন এই সমস্যার সমাধান করা হয়নি ৷ কিন্তু, বিজেপি সরকারের আমলে এসব চলবে না ৷'