পাপিয়া অধিকারীর মন্তব্যে কী বললেন ডা: নারায়ণ বন্দ্যোপাধ্যায়'কালীপুজোয় বাজি ফাটালে অসুখ-বিসুখ দূর হয়।' টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারীর করা এই মন্তব্য এখন খবরের শিরোনামে। বাতাসে যেখানে দূষণের মাত্রা (AQI) ক্রমশবর্ধমান, সেখানে দেদার বাজি ফাটালে সত্যিই কি রোগবালাই দূর হয়? বিরোধীরা যখন বিধায়কের এই মন্তব্য শব্দবাজির তাণ্ডবের নেপথ্যে ইন্ধন বলে মনে করছেন, তখন এই নিয়ে কী বলছেন বিশিষ্ট চিকিৎসক ডা: নারায়ণ বন্দ্যোপাধ্যায়?
পাপিয়া অধিকারী হয়তো মজা করেই বলেছেন এ কথা, এমনটা মনে করছেন ডা: নারায়ণ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, 'বাজি পোড়ালো কোনও অসুখই সারে না।' তাঁর সংযোজন, 'আমাদের সময়ে ন্যাড়া পোড়া ছিল দোলের আগে। আমরা বলতাম, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। এতে মশা মরে। বাজি কোনও দিক থেকেই ভাল না। না মানুষের পক্ষে ভাল, না পশুপাখির পক্ষে। সুতরাং ওঁর মন্তব্যের মধ্যে কোনও বৈজ্ঞানিক বা ডাক্তারি ভিত্তি নেই।'
কালীপুজোর রাতে শব্দবাজির তাণ্ডব ঘিরে একাধিক এলাকা থেকে অভিযোগ এসেছে। বিরোধীদের নিশানা, বিধায়কের এই ধরনের মন্তব্য শব্দবাজি ফাটানোয় ইন্ধন জুগিয়েছে।
'আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, কালীপুজোয় বাজি তো হবেই। কালীপুজো হবে বাজি হবে না! বাজিটা হোক। তবে যেভাবে আমাদের থানারা নির্দেশ দিয়েছে, সেভাবে হোক।' এরপরই বেফাঁস মন্তব্য করে বসেন। বলেন, 'বাজি আমরা ফাটাব। বাজি ফাটালে দেখবেন অনেক অসুখ-বিসুখ চলে যায়।'
খানিকটা হেসেই মজার ছলে ডা: নারায়ণ গঙ্গোপাধ্যায় বলেন, 'একটা রোগের কথা বলতে পারি, যেটা সারে। হেঁচকি। বারবার হেঁচকি উঠলে একটা যদি চকোলেট বোম ফাটানো যায়, সঙ্গে সঙ্গে কমে যাবে। এটা ঠাট্টার সুরেই বললাম। এ ছাড়া আমি আর কী ভাবে বিধায়ককে ডিফেন্ড করব বলুন। হঠাৎ হঠাৎ এই ধরনের উল্টোপাল্টা মন্তব্য করা থেকে বিরত থাকাই উচিত।'
বিধায়কের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। চিকিৎসাবিজ্ঞান বলছে, বাজি পোড়ানোর ফলে তৈরি হওয়া ধোঁয়া শরীরের একাধিক অঙ্গের ক্ষতি করতে পারে। এক লাফে বায়ুদূষণ বেড়ে যায়। তার থেকে নানা শারীরিক সমস্যা হতে পারে। এ প্রসঙ্গে ডা: নারায়ণ গঙ্গোপাধ্যায় বলেন, 'দিওয়ালির সময়ে শ্যামাপোকার উৎপাত বাড়ে এটা ঠিক। আবার মশার উৎপাত কমে যায়। কিন্তু মশা বা পোকা মারার জন্য বাজি পোড়ালে পরিবেশ দূষণ হতে পারে। কখনওই পরামর্শ দেব না একটা ঘিঞ্জি এলাকায় বাজি ফাটানো হোক। বাজি তো শুধু আলোর নয়, ধোঁয়াও বের হয়। এই ধোঁয়াটা ক্ষতিকর।'
পাপিয়া অধিকারী অবশ্য নিজের মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন। তাঁর বক্তব্য, 'মূলত এটি আলোর উৎসব, প্রদীপ জ্বালানোর উৎসব। এর উদ্দেশ্য হল, সামাজিক অশুভ শক্তি বা কুপ্রথাগুলিকে নির্মূল করা। অতীতে বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে এই ধরনের অশুভ বিষয়গুলিকে মোকাবিলা করা হত। তবে বর্তমানে আমরা আতসবাজির যুগে বাস করছি, বিজ্ঞানের এত অগ্রগতির প্রেক্ষাপটে হয়তো সেই পুরনো দৃষ্টিভঙ্গি এখন আর প্রাসঙ্গিক নয়।' নিজের বাজি ফাটানো নিয়ে করা মন্তব্য প্রত্যাহার করে নেন পাপিয়া। তিনি বলেন, 'যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমার বক্তব্য প্রত্যাহার করতে প্রস্তুত। ধরে নিন তা প্রত্যাহার করা হল।'