কলকাতার বাসে 'নরখাদক'? সহযাত্রীর আঙুল কামড়ে খুবলে নিল যুবক

Kolkata Bus: কলকাতার বাসে চাঞ্চল্যকর ঘটনা। এক প্রৌঢ় সহযাত্রীর আঙুল কামড়ে খুবলে নিল যুবক। ঘটনায় বাসেই রক্তারক্তি কাণ্ড ঘটে গিয়েছে।

Advertisement
কলকাতার বাসে 'নরখাদক'? সহযাত্রীর আঙুল কামড়ে খুবলে নিল যুবকঅফিস টাইমে কলকাতার বাসে রক্তারক্তি কাণ্ড
হাইলাইটস
  • খাস কলকাতায় অফিস টাইমে বাসে ঘটে গেল ধুন্ধুমার কাণ্ড।
  • এক সহযাত্রীর আঙুল কামড়ে খুবলে নিল অপর এক সহযাত্রী।
  • সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে বাটানগর- ধর্মতলা রুটের ৭৭-এ বাসে।

খাস কলকাতায় অফিস টাইমে বাসে ঘটে গেল ধুন্ধুমার কাণ্ড। এক সহযাত্রীর আঙুল কামড়ে প্রায় খুবলে নিল অপর এক সহযাত্রী। বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে বাটানগর- ধর্মতলা রুটের ৭৭-এ বাসে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাস যাত্রীদের মধ্যে।

আদতে কলকাতার বাসে অফিস টাইমে ঝামেলা, তর্ক-বিতর্ক নিত্যনৈমত্তিক ঘটনা। কিন্তু বুধবারের সকালের ঘটনা একেবারে তাজ্জব করে দেওয়ার মতোই। অভিযোগ, ৭৭-এ বাসটি যখন ব্রেস ব্রিজ থেকে তারাতলার দিকে যাচ্ছিল, ঠিক সেই সময়ই বাসের মধ্যে গণ্ডগোল শুরু হয়।

অভিযোগ, বাসে দাঁড়িয়ে থাকা এক যুবক কামড়ে দেন পাশেরই এক প্রৌঢ় ব্যক্তিকে। আঙুলে কামড় দিয়ে প্রায় দুভাগ করে দেন অভিযুক্ত। সঙ্গে সঙ্গে বাসে বিস্তর ঝামেলা শুরু হয়। আশেপাশের সহযাত্রীরা এগিয়ে এলে অভিযুক্ত তাঁদেরও আঁচড়ে দেন বলে দাবি।  বাসেই ঘটে যায় রক্তারক্তি কাণ্ড। 

এরপর মারমুখী জনতা তারাতলায় বাস থেকে নামায় অভিযুক্ত যুবককে। ঘটনাস্থলে আসে স্থানীয় ট্রাফিক সার্জেনও। আক্রান্ত ব্যক্তিকে দ্রুত SSKM ট্রমা সেন্টারে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিৎসার পর ১০-১২টি সেলাই পড়ে আঙুলে। অন্যদিকে, অভিযুক্ত যুবককে আটক করে তারাতলা থানায় নিয়ে যাওয়া হয়।

আক্রান্ত নব্যেন্দু কয়াল bangla.aajtak.in  -কে বলেন, "বাসে আমার পাশেই ছেলেটি একটি বড় ও ভারী ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল। আমি ওঁকে একাধিকবার ব্যাগটি সরিয়ে নিতেও বলি, কিন্তু সেকথায় কান দেয়নি ওই যুবক। এরপর অপর এক যাত্রী নিজের স্টপেজে নামতে যাওয়ার সময় যুবকটি ভারী ব্যাগ আমার মাথার উপরে রেখে দেয়। প্রতিবাদ করলে আমাকে রীতিমতো মারতে আসে। আমি হাত দিয়ে মার ঠেকাতে গেলে, যুবকটি আঙুলে কামড়ে দেয়। আঙুল থেকে অনেক রক্ত গড়িয়ে পড়েছে। ওই আঙুলটি আদৌ আর ঠিক হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন চিকিৎসকেরা। ১০-১২টি সেলাই পড়েছে।"

 

POST A COMMENT
Advertisement