রেড রোড ৭ দিন বন্ধ নিয়ে হাইকোর্টে মামলা আগামী ২১ জুন যোগ দিবস। কলকাতার রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত থেকে যোগাসন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপলক্ষ্যে ইতিমধ্যেই রেড রোডে চলছে প্রস্তুতি। আর তার জন্য ৭ দিন রেড রোড দিয়ে যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এর প্রেক্ষিতে এবার কলকাতা হইকোর্টে দায়ের হল মামলা।
অল ইন্ডিয়া ল'য়ার্স অ্যাসসিয়েশনের তরফে আইনজীবী শামিম আহমেদ এই মামলাটি দায়ের করেছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এর শুনানি হবে। বৃহস্পতিবার মামলাটি উঠবে।
পশ্চিমবঙ্গ সরকার আন্তর্জাতিক যোগ দিবসে (২১ জুন) কলকাতার রেড রোডে বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছে। সে কারণে ওই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে তার ৭ দিন আগে থেকেই। এই সরকারি নির্দেশিতার বিরুদ্ধেই অল ইন্ডিয়া ল'ইয়ার্স অ্যাসোসিয়েশন হাইকোর্টের দ্বারস্থ হয়। ৭ দিন রাস্তা বন্ধ করার সঠিক নয় বলেই উল্লেখ করেছেন মামলাকারী।
গত রবিবার অর্থাৎ ১৪ জুন রাত ১০টা থেকে আগামী রবিবার, ২১ জুন পর্যন্ত রেড রোডে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। লালবাজারের তরফে জানানো হয়েছে, এজেসি বোস রোড, মৌলালির মোড়, সেন্ট জর্জেস গেট রোড ধরে দক্ষিণমুখী যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই রাস্তাগুলিতে পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। স্ট্র্যান্ড রোড থেকে রাজা উডমুন্ট স্ট্রিট যাওয়ার পথে, সিআর অ্যাভিনিউ থেকে দক্ষিণে জিসি অ্যাভিনিউ যাওয়ার পথেও এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। আর জওহরলাল নেহরু রোডের উভমুখী লেনেই পণ্যবাহী যান চলাচল ওই সময়ের জন্য বন্ধ রাখছে পুলিশ। যোগ দিবসের কর্মসূচি শেষ না-হওয়া পর্যন্ত মেয়ো রোডে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। তবে যোগ দিবসের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য নির্দিষ্ট স্টিকার লাগিয়ে যে গাড়িগুলি আসবে, সেগুলি মেয়ো রোড ধরে যেতে পারবে।
পাশাপাশি পুলিশের তরফে জানানো হয়েছে, আগামী রবিবার ডালহৌসি এবং হাওড়ামুখী বাসগুলিকে বেলভেডিয়ার রোড এবং এজেসি বোস রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। উত্তরমুখী গাড়িগুলিকে ডাফরিন রোড-মেয়ো রোড ধরে যেতে বলা হবে। দক্ষিণমুখী যানবাহন রেড রোড এড়িয়ে মেয়ো রোড ক্রসিং হয়ে ডাফরিন ধরে যাবে।
তবে এই ৭ দিন ধরে টানা রাস্তা আটকে যোগ দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি চলার কারণে অসন্তোষ তৈরি হয়েছে নানা মহলে। যেখানে এবার নমাজ পাঠের জন্য রেড রোড বন্ধের বিরুদ্ধে সরকার উদ্যোগী হয়েছিল। রেড রোডে নমাজ পাঠ বন্ধ রেখে ব্রিগেডে করানো হয়েছিল, সাধারণ মানুষের সুবিধার্থে তাহলে যোগ দিবসের জন্য এই রাস্তা কেন বন্ধ? প্রশ্ন উঠতে শুরু করেছিল।
বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজের ফেসবুকে লিখেছিলেন, 'একটি নির্দিষ্ট ধর্মের মানুষ একটি নির্দিষ্ট ছুটির দিনে তাদের ধর্মীয় অনুষ্ঠান রেড রোডে করতে পারবে না। সাধারণ মানুষের অসুবিধা করা ধম্মে সইবে না। আমার অবশ্য ভিন্ন অভিজ্ঞতা। আজ আদালতে যাওয়ার পথে রেড রোডে আটকে মঞ্চ বেঁধে মোদীজিকে যোগ ব্যায়াম স্বাগত জানানোর জন্য, বেপুথো বাধ্য হলাম। শুনলাম ২১ জুন পর্যন্ত চলবে এই যন্ত্রনা। সাবাশ মোদীজি, সাবাশ শুভেন্দুবাবু! সংবিধানের নৈতিকতা ধ্বংস করতে আপনাদের প্রচেষ্টা অভিনন্দন যোগ্য।'