অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছে কলকাতা পুলিশের টিম। সোমবার বেলায় নোটিস হাতে কালীঘাট রোডের বাড়িতে হাজির হন তারা। উল্লেখ্য, ক্যামাক স্ট্রিটের অফিসের বিলবোর্ড মামলায় রবিবারই তাঁকে নোটিস দিয়ে গিয়েছিল শেকসপিয়ার থানার পুলিশ। এদিন সকাল ১০টা নাগাদ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু সূত্রের খবর, থানায় ইমেল করে অভিষেক ৪৮ ঘণ্টার সময় চান। তবে সেই সময়সীমা দেওয়ার আগেই তাঁর বাড়িতে ফের হাজির হল পুলিশ।
ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে সম্প্রতি বিলবোর্ড খুলতে পৌঁছেছিল পুরসভা। তিনি ও তাঁর দলীয় কর্মীদের বাধার মুখে পড়েন পুরসভার কর্মীরা। পুরসভার আধিকারিকদের সঙ্গে সাংসদের অনুগামীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন। সেই ঘটনাতেই ৩টি FIR রুজু হয়েছিল। একবার তলবও করা হয় তাঁকে। হাজিরাও দিয়েছিলেন অভিষেক। জিজ্ঞাসাবাদও করা হয় তাঁকে।
সূত্র মারফত জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় শেকসপিয়ার সরণী থানায় ইমেলের মাধ্যমে জানিয়েছেন, থানায় হাজিরা দেওয়ার আগে অন্তত ৪৮ ঘণ্টা সময় তাঁর প্রয়োজন। তিনি লিখেছেন, 'আমি সংসদের সদস্য। আমার পূর্বনির্ধারিত কর্মসূচি থাকে। ১১ অক্টোবর আমাকে একটা নোটিস দেওয়া হয়েছিল এবং পরের দিনই হাজিরা দিতে বলা হয়েছিল। এত কম সময়ের নোটিসে আমার পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। এভাবে হাজিরার নির্দেশ একতরফা, স্বেচ্ছাচারী ও অযৌক্তিক।'
তবে তিনি পুলিশের সঙ্গে সবরকমের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান অভিষেক। শনিবার দিল্লি থেকে অভিষেক কলকাতায় ফেরেন। রবিবার নোটিস হাতে তাঁর বাড়িতে পৌঁছে যায় শেকসপিয়ার সরণী থানার পুলিশ। কিন্তু অভিষেক সেই তলবে হাজিরা না দেওয়ার সোমবার ফের তাঁর বাড়িতে পৌঁছয় পুলিশ। প্রায় ৫০ মিনিট অপেক্ষা করার পর ভিতরে ঢোকেন তাঁরা। নোটিস ধরানো হয় অভিষেককে।