প্রিয়রঞ্জন দাশমুন্সি, প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীপ্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেসের অন্যতম নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মদিনকে ঘিরে বাম, কংগ্রেস, বিজেপি-র মিলন। বাংলার রাজনীতিতে যে সৌজন্য এখন প্রায় বিরল, সেই সৌজন্যই ফিরিয়ে আনলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি। আজ অর্থাত্ ১৩ নভেম্বর প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মদিনে বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী, কংগ্রেস নেতা অধীর চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, তৃণমূল সাংসদ সৌগত রায় সহ বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিত্বরা। থাকবেন প্রিয়রঞ্জনের স্ত্রী দীপা দাশমুন্সিও।
শুভেন্দুর কাজে মুগ্ধ হয়েছিলেন প্রিয়রঞ্জন
প্রিয়রঞ্জনের জন্মদিনকে বেশ বড় করেই পালন করা হচ্ছে। সকলের 'প্রিয়দা'র জন্মদিনে স্মৃতিকথায় রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান জানালেন, শুভেন্দু অধিকারীকে ব্যক্তিগত ভাবে পছন্দ করতেন প্রিয়রঞ্জন। ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাজ দেখে মুগ্ধ হয়েছিলেন প্রিয়রঞ্জন। শান্তিপূর্ণ ভোট করাতে শুভেন্দুর জন্যই কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করেছিলেন দিল্লিতে ফোন করে। আজ কলকাতায় রিজার্ভ ব্যাঙ্কের সামনে প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি উন্মোচন করা হচ্ছে। রাজনীতিতে মতাদর্শের সংঘাত থাকলেও ব্যক্তিগত সম্পর্ক যে তার ঊর্ধ্বে উঠতে পারে, তার নজির ছিলেন প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি।
প্রিয়রঞ্জনের স্মৃতিতে রাজনীতির নানা মুখ
এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, প্রাক্তন সাংসদ শিশির অধিকারী, অধীর চৌধুরী, দীপা দাশমুন্সি, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, সাংসদ সৌগত রায় এবং বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়-সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে। বাম, কংগ্রেস, বিজেপি-সহ নানা রাজনৈতিক শিবিরের এমন বহু মানুষ এই স্মারক প্রকাশনায় কলম ধরেছেন, যাঁদের সঙ্গে কোনও না কোনও সময়ে প্রিয়রঞ্জনের রাজনৈতিক বা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছিল।
গণ সংস্কৃতি সংসদের সভাপতি তথা প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী এবং আব্দুল মান্নান সম্প্রতি প্রিয়রঞ্জনের স্মরণানুষ্ঠানে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন শিশির অধিকারীর কাছেও। সেখানে তাঁদের দীর্ঘ আড্ডায় উঠে আসে অতীতের নানা রাজনৈতিক স্মৃতি। তাঁদের বক্তব্য, প্রিয়রঞ্জন রাজনৈতিক বিরোধিতাকে কখনও ব্যক্তিগত শত্রুতায় পরিণত হতে দিতেন না। মতের অমিল থাকলেও বিরোধী দলের নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন তিনি।
বিরোধী শিবিরের শুভেন্দুর জন্যও সাহায্যের হাত
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে তুলনা টেনে আলোচনায় উঠে এসেছে আরও একটি বিষয়। আব্দুল মান্নানের বক্তব্য, এখন রাজনৈতিক বিরোধ অনেক সময় ব্যক্তিগত সম্পর্কেও দূরত্ব তৈরি করছে। অথচ প্রিয়রঞ্জন দাশমুন্সি বিশ্বাস করতেন বহুত্ববাদে। রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও অন্য দলের নেতার সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি দিতে তাঁর কোনও দ্বিধা ছিল না। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে তাঁর ভূমিকা সেই মানসিকতারই উদাহরণ বলে মনে করছেন প্রিয়রঞ্জনের ঘনিষ্ঠরা।
বাংলাদেশ প্রসঙ্গেও স্মৃতিচারণা
প্রিয়রঞ্জনের রাজনৈতিক ভাবনা ও ব্যক্তিত্বের নানা দিক উঠে এসেছে স্মারক সংকলনের অন্যান্য লেখাতেও। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন প্রাক্তন সাংসদ দেবপ্রসাদ রায়। অন্যদিকে, প্রিয়রঞ্জনকে কখনও ‘পিআর’, কখনও শুধু ‘দাশমুন্সি’ বলে সম্বোধন করার স্মৃতি ভাগ করে নিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাঁর লেখায় উঠে এসেছে প্রিয়রঞ্জনের আন্তরিকতা ও ব্যক্তিগত সম্পর্ক রক্ষা করার সহজাত ক্ষমতার কথাও।