রাহুল অরুণোদল বন্দ্যোপাধ্যায় তালসারিতে সিরিয়ালের শুটিংয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্য়োপাধ্যায়ের। তাঁর দেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে এল। সেই অনুযায়ী, শরীরে অতিরিক্ত বালি ও নোনা জল ঢুকে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে অভিনেতার।
আজ, সোমবার তমলুকের তাম্রলিপ্ত হাসপাতালে রাহুলের দেহের ময়নাতদন্ত হয়। তারপরই সামনে আসে প্রাথমিক রিপোর্ট। হাসপাতাল সূত্রে খবর, শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণে অভিনেতা মারা যান। ফুসফুস থেকে প্রচুর বালি পাওয়া গিয়েছে। নোনা জলও। ফুসফুসের সাইজ দ্বিগুণ হয়ে গিয়েছিল। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আরও উল্লেখ, খাদ্যনালী ও পাকস্থলীতেও বালি ও নোনা জল মিলেছে। সেটাও অনেক।
হাসপাতাল সূত্রে খবর, যে পরিমাণ বালি ফুসফুসে পাওয়া গিয়েছে তা অস্বাভাবিক। কম সময় জলে ডুবে থাকলে এত বালি পাওয়া যেত না। সংবাদমাধ্যমে প্রকাশ, অন্তত এক ঘণ্টা জলের তলায় ডুবে ছিলেন রাহুল। জলের তলায় হয়তো সেই অবস্থাতেই পড়েছিলেন। সেই কারণে হয়তো তাঁর দেহ থেকে এতটা বালি ও নোনা জল মিলেছে।
প্রসঙ্গত, যেখানে গতকাল শুট্যিং হচ্ছিল সেই তালসারি ওড়িশা উপকূল বাহিনীর এলাকা। ওড়িশা পুলিশের দাবি, যে শ্যুটিং চলছিল, তার কোনও অনুমতি ছিল না। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। যদিও শ্যুটিং স্টাফরা জানাচ্ছেন, নিয়মমাফিক অনুমতি নিয়ে শ্যুটিং চলছিল।